আজকাল ওয়েবডেস্ক : সামনেই উৎসবের সময়। তার আগে দেশের বিভিন্ন অংশ থেকে মাদক বিক্রি করার খবর সামনে এসেছে। কিছুদিন দিল্লি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মাদক। আর দিল্লির পর এবার মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে উদ্ধার হল ১৮০০ কোটির নিষিদ্ধ মাদক। এদিন ভোপালে এনসিবি ও গুজরাট এটিএসের সঙ্গে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ১৮০০ কোটির নিষিদ্ধ মাদক। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, পাঞ্জাবে উদ্ধার হয়েছে ১০ কোটি টাকার কোকেন।
ভোপালের এক কারখানায় অভিযান চালায় এনসিবি ও গুজরাট এটিএস। সেখান থেকেই উদ্ধার হয় এই ১৮০০ কোটি টাকার মাদক। জানা গিয়েছে, নিষিদ্ধ এমডি শ্রেণির ড্রাগ উদ্ধার হয়েছে ওই কারখানা থেকে। এর পাশাপাশি পাঞ্জাবে দিল্লি পুলিশের অভিযানে উদ্ধার হয় ১০ কোটি টাকার কোকেন। এই কোকেনের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগ রয়েছে বলে জানা গিয়েছে।
জিতেন্দ্র নামে এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পাঞ্জাবের অমৃতসরের নেপাল নামে এক গ্রামে এই অভিযান চালায় পুলিশ। সেখানেই এক ফর্চুনার গাড়ি-সহ এই ১০ কোটির কোকেন বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে মাদক তৈরী করা হয়। সেগুলি নানা হাত ঘুরে সোজা চলে আসে মাদক সেবন কারীদের হাতে। এর জাল গোটা দেশে ছড়িয়ে রয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা শুধু চুনোপুটি। এর পিছনে আরও বড় জাল রয়েছে।
