আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমানে আবারও নাশকতা চালানোর ষড়যন্ত্র করছে খলিস্তানি জঙ্গিরা। ১ থেকে ১৯ নভেম্বরের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানো হতে পারে। যার জন্য যাত্রীদের আগেভাগেই সতর্ক করল খলিস্তানি জঙ্গি সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নুন।
সোমবার খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা পান্নুন হুঁশিয়ারি দেয়, '১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করবেন না। এই সময় এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে।’ প্রসঙ্গত, এই সময়েই শিখ নরসংহারের ৪০ তম বর্ষপূর্তি।
সাম্প্রতিককালে একাধিক ভারতীয় বিমান সংস্থার বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গত এক সপ্তাহে ৭০টি এবং শুধুমাত্র শনিবার ৩২টি বিমানে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। যা ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই আবহে খলিস্তানি জঙ্গি সংগঠনের তরফেও এয়ার ইন্ডিয়ার বিমানে বড়সড় নাশকতা চালানোর হুঁশিয়ারি দেওয়া হল। যা ঘিরে আবারও চাঞ্চল্য ছড়াল।
প্রসঙ্গত, ২০২০ সালেই ইউএপিএ আইনে পান্নুনকে জঙ্গি ঘোষণা করা হয়। শিখস ফর জাস্টিস সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভারতে গ্রেপ্তারের আশঙ্কায় আমেরিকায় পাড়ি দেয় সে। বর্তমানে আমেরিকা ও কানাডা, দুই দেশের নাগরিকত্ব রয়েছে তার। গত বছরে নভেম্বর মাসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করার জন্য হুঁশিয়ারি দেয় সে। এমনকী ওইদিন এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠার আগেও যাত্রীদের সতর্ক করেছিল এই জঙ্গি সংগঠন। কখনও সংসদে হামলা, কখনও বা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকেও প্রাণনাশের হুমকিও দিয়েছিল পান্নুন।
















