আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালের বাইরে ভয়ঙ্কর দৃশ্য। পথকুকুরের মুখে মানুষের পায়ের টুকরো। পায়ের টুকরো মুখে নিয়ে হাসপাতালের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল পথকুকুরটি। যে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শোরগোল গোটা এলাকায়। এমনকী সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিমলা হাসপাতালে। সম্প্রতি এক সরকারি হাসপাতালের বাইরে কুকুরের মুখে মানুষের পায়ের টুকরো দেখা গেছে। হাসপাতালে বাইরে মানুষের পায়ের টুকরো মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এক পথকুকুর। জানা গেছে, ঘটনাটি ঘটেছে সিমলার চামিয়ানার অটল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতালে।
পুলিশ আরও জানিয়েছে, গত সপ্তাহে বৃহস্পতিবার ওই হাসপাতালে ৬১ বছরের এক বৃদ্ধের অস্ত্রোপচারের পর পা বাদ গিয়েছিল। সেই পায়ের টুকরোটি স্টোর রুমে রাখা ছিল। সেটি ডিসপোজ করার কথা ছিল সাফাইকর্মীদের। গত ২২ ফেব্রুয়ারি সোমবার স্টোর রুমটি বন্ধ করতে ভুলে গিয়েছিলেন কর্মীরা। ঠিক সেই সময়েই এক পথকুকুর ওই ঘরে ঢুকে পায়ের টুকরো নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার ভিডিওটি গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সাফাইকর্মীদের এবং সাফাইকর্মীদের সুপারভাইজারকে শোকজ নোটিশ পাঠিয়েছেন। ঘটনাটি ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত জারি রয়েছে।
গত বছর জুলাই মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। হাসপাতালের মধ্যেই মৃতদেহ খুবলে খেয়েছিল কুকুর। ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে। জানা গিয়েছে, বুধবার রাতে এই হাসপাতালের অঙ্কোলজি বিভাগের সামনে এক ব্যক্তির দেহ পড়ে ছিল। বৃহস্পতিবার সকাল হতে দেখা যায় মৃতের পায়ের বেশ কিছুটা অংশ খেয়ে নিয়েছে কুকুর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত একজন ভবঘুরে এবং হাসপাতালের মধ্যেই রাতে শুয়ে থাকতেন। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
মেডিক্যাল কলেজের রেডিওথেরাপি ও ইন্টিগ্রেটেড অঙ্কোলজি বিভাগের করিডরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, করিডরের এক কোণে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মৃতদেহের বিভিন্ন ক্ষতবিক্ষত অংশ। হাসপাতালের সাফাইকর্মীরা দেহটি দেখতে পেয়ে দ্রুত কর্তৃপক্ষকে খবর দেন।
খবর পাওয়া মাত্রই ফাঁড়ির পুলিশও উপস্থিত হয় এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ভবঘুরে ব্যক্তি যখন ঘুমিয়ে ছিলেন সেই সময় পথ কুকুরেরা আক্রমণ চালিয়েছে। মৃত ব্যক্তির পায়ের একাংশ খুবলে খেয়েছে কুকুর। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সমস্ত বিষয় পরিষ্কার হবে বলে মত পুলিশের আধিকারিকদের।
