আজকাল ওয়েবডেস্ক: পড়াশোনার অত্যধিক চাপ। প্রত্যাশা পূরণে ব্যর্থ। দুইয়ের জেরে চরম পদক্ষেপ নিলেন ১৭ বছরের এক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী। বাবা, মাকে চিঠি লিখে আত্মঘাতী হলেন ছাত্রী। নিজের আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নয়া দিল্লির জামিয়া নগর এলাকায়। ওই এলাকার শাহীন বাগের ওখলা মার্কেটের মাঝেই আত্মঘাতী হন ১৭ বছরের কিশোরী। শনিবার পুলিশ সূত্রে খবর, সাততলা আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন কিশোরী। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পুলিশ আরও জানিয়েছে, সদ্য দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার্থী। কিন্তু পড়াশোনার অত্যধিক চাপ সামলাতে পারছিলেন না। অতীতে একাধিকবার মা'কে জানিয়েছিলেন, পরীক্ষায় পাশ না করলে জীবন শেষ পর্যন্ত করতে পারেন। অবশেষে চরম পদক্ষেপ নেন তিনি।
কিশোরীর ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে কিশোরী জানিয়েছেন, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। চাপ সামলাতে না পেরে, পরিবারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় আত্মঘাতী হলেন তিনি। চিঠিতে লেখা ছিল, 'আমি পরীক্ষায় পাশ করিনি। তাই ক্ষমা করো।' এদিকে এলাকার সিসিটিভি ফুটেজে কিশোরীর আত্মহত্যার মুহূর্তটি ধরা পড়ে। যা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
















