আজকাল ওয়েবডেস্ক: আবার দলিত আক্রমণ। মধ্যপ্রদেশের দামোহ জেলার ঘটনা। দলিত সম্প্রদায়ের এক যুবকের ওপর নৃশংস হামলা৷ নিচু জাতের হয়ে ঘোড়ার পিঠে কেন? এই নিয়ে বিবাদ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চারিদিকে।

অভিযোগ, নিচু জাতের হয়েও কেন ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়েছেন, এই ‘অপরাধে’ ২৩ বছরের যুবক গোলু আহিরওয়ারকে ঘোড়া থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করেছে একদল উচ্চবর্ণের যুবক।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের আগের প্রথা অনুযায়ী ‘রচওয়াই’ যাত্রায় বেরিয়েছিলেন গোলু। গ্রামের রাস্তার ওপর দিয়ে ঘোড়ায় চড়ে যাওয়ার সময়ই তাঁর পথ আটকায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ভিডিওতে দেখা গিয়েছে, গুড্ডু সিং, কৃষ্ণ ও হাকাম লোধির মতো ব্যক্তিরা প্রকাশ্য দিবালোকে লাঠিসোঁটা নিয়ে বর ও তাঁর পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ছে।

আক্রান্ত যুবকের বোন মনীষার কথায়, “রাস্তার মাঝে গাড়ি আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে আমাদের পথ আটকানো হয়েছিল। প্রতিবাদ করতেই ওরা দাদাকে ঘোড়া থেকে টেনে নামিয়ে পেটাতে শুরু করে। ওদের বক্তব্য- আমাদের মতো জাতের লোকেদের জন্য এই ঘোড়ায় চড়া বা জাঁকজমক মানায় না।” 

গোলুর মা বিদ্যা আহিরওয়ার কান্নায় ভেঙে পড়ে জানান, তাঁর ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হামলাকারীদের মন গলেনি। এমনকী মহিলাদের ওপরও চড়াও হয় অভিযুক্তরা।

ঘটনার পরেই ক্ষুব্ধ পরিবার। সোজা হাত্তা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, তফশিলি জাতি ও উপজাতি বিরোধী নির্যাতন প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশি পাহারায় কোনওমতে বিয়ের বাকি আচার সারতে অন্য গ্রামে রওনা দেয় পরিবারটি।

স্থানীয়দের দাবি, এই গ্রামে এই ঘটনা নতুন নয়। এর আগেও দলিতদের বিয়েতে ঘোড়ায় চড়া নিয়ে বারবার বাধা দিয়েছে তথাকথিত উচ্চবর্ণের মানুষেরা।