আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা কেরলে। বেপরোয়া অ্যাম্বুল্যান্স সজোরে ধাক্কা মারে রাস্তার পাশের একটি বাড়িতে। অ্যাম্বুল্যান্সের মধ্যেই মৃত্যু হল এক রোগীর। তাঁর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কেরলের কোট্টায়ম জেলার কাঞ্জিরাপল্লি এলাকায়। পুলিশ জানিয়েছে, রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। অন্য হাসপাতালে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটেছে। রোগীর মৃত্যুর আসল কারণ ময়না তদন্তের পরেই ঘোষণা করা হবে। 

 

পুলিশ আরও জানিয়েছে, ভোরবেলায় হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের চালক নিয়ন্ত্রণ হারান। এরপর পথের ধারেই একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারেন। তাতেই গুড়িয়ে যায় বাড়িটির দেওয়াল। বাড়ির বাসিন্দাদের চিৎকারের শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে রোগীর দেহ উদ্ধার করা হয়। 

 

দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক সহ আরও একজন আহত হয়েছেন। তবে তাঁদের চোট গুরুতর নয়। তবে উল্লেখযোগ্যভাবে, বাড়ির বাসিন্দারা বড়সড় দুর্ঘটনা এড়িয়ে গেছেন। তাঁদের কোনও চোট লাগেনি। ঘটনার তদন্ত জারি রয়েছে।