আজকাল ওয়েবডেস্ক: একটানা পড়াশোনা। এবার একদিন ছুটির দরকার ছিল। ছুটির প্রয়োজনে মাদ্রাসায় ৫ বছরের শিশুকে পিটিয়ে খুন করল একদল নাবালক। ঘাতকদের বয়স ১১ থেকে নয় বছরের মধ্যে। তাদের ধারণা ছিল, খুদে পড়ুয়ার মৃত্যুতে মাদ্রাসায় একদিন ছুটি ঘোষণা করা হবে। তাতেই তারা বাড়ি যেতে পারবে। 

 

শুক্রবার নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে নর্থ ইস্ট দিল্লিতে। ওইদিন রাতে পুলিশের কাছে ফোন করে মৃত শিশুর মা জানান, সে অচৈতন্য অবস্থায় মাদ্রাসার বাইরে লুটিয়ে আছে। ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেই সময় তার কাঁধে, গলায়, কোমরে, পিঠে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়। ময়নাতদন্তে জানা যায়, গুরুতর আঘাতেই তার শরীরে রক্তক্ষরণ হয়। তাতেই তার মৃত্যু। 

 

খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখতে মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ। মৃত পড়ুয়ার সহপাঠী সহ বন্ধুদের জেরা করে পুলিশ। তখনই অভিযুক্ত তিন নাবালকের তথ্য ফাঁস হয়। কিন্তু ওই খুদে পড়ুয়াকে পিটিয়ে খুন করা হল কেন? জানা গিয়েছে, সে সিনিয়রদের নাম ধরে ডেকেছিল। তা থেকেই ওই তিনজনের ক্ষোভ জন্মায়। 

 

খুনের তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, টেলিভিশনে ক্রাইম শো দেখেই এই খুনের পরিকল্পনা করেছিল ওই তিন নাবালক। ছুটির জন্য খুদে পড়ুয়াকে খুন করে তারা। বর্তমানে মাদ্রাসাটি সিল করে দেওয়া হয়েছে। পড়ুয়ারাও আর মাদ্রাসামুখী হচ্ছে না। খুনের তদন্ত জারি রেখেছে পুলিশ।