আজকাল ওয়েবডেস্ক:‌ টিটিএএডিসি নির্বাচন নিয়ে সরগরম ত্রিপুরা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বুধবার বলেছেন যে পেশী শক্তি এবং সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রাজনীতি করার দিন শেষ হতে চলেছে। কারণ জনজাতি জনগণের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদে (টিটিএএডিসি) প্রশাসন গঠন করতে প্রস্তুত রয়েছে।


বুধবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে বিজেপির প্রচার গাড়ির ফ্ল্যাগ অফ করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। পরে মুখ্যমন্ত্রী বলেন, টিটিএএডিসি নির্বাচন আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে একটি প্রচার গাড়ি এডিসি এলাকা জুড়ে ঘুরে বেড়াবে। এই অঞ্চলের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার কী করেছে সে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে বেশ ভাল সাড়া পাচ্ছে। তিপ্রা মথা থেকে অনেক নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন। আরও অনেকে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন।

 ডাঃ সাহা বলেন, এর আগে সিপিএম টিটিএএডিসিতে শাসন করেছে। আর তিপ্রা মথাও শাসন করেছে, কিন্তু এখনও পর্যন্ত কিছুই করা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার পরে, তিনি জনজাতিদের সঠিক উন্নয়নের জন্য কাজ করছেন এবং আমরাও সেই একই দিশায় কাজ করছি। মানুষ বুঝতে পেরেছে যে মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করা যায় না, কাজ অবশ্যই করতে হবে। আমাদের দল মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে এবং আগামী দিনেও সেটা করে যাবে। মানুষ বুঝতে পেরেছে যে একমাত্র বিজেপিই প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে। আমরা দেখেছি টিটিএএডিসি–তে কতটা দুর্নীতি হয়েছে এবং সেটা জনগণের সামনে তুলে ধরব। পেশিশক্তি ও সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রাজনীতির অবসান হতে চলেছে। বিজেপি সর্বত্র সরকার গঠন করছে এবং একইভাবে আমরা টিটিএএডিসিতে প্রশাসন গঠনে আত্মবিশ্বাসী। 

                           
মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষ শান্তি চায়, এবং শান্তির জন্য আমরা এডিসি নির্বাচনে জয়ী হতে চাই এবং সেখানে অবশ্যই বিজেপি সরকার গঠন করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।