আজকাল ওয়েবডেস্ক: আইআইটি রুরকি, আইআইটি মাদ্রাজ এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের দেখানো পথই এ বার অনুসরণ করল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। বর্তমানে নিট-এর প্রশ্নফাঁস সিজেপি তথা বিরোধী আন্দোলনে পড়ুয়াদের যোগ না দেওয়ার নির্দেশিকা জারি করল জেএনইউ কর্তৃপক্ষ। শুক্রবারই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়।
জেএনইউ-র তরফে জারি নির্দেশিকায় এ দিন পড়ুয়াদের ব্যক্তিগত সুরক্ষা, দায়িত্বশীল আচরণ এবং আইন ভঙ্গের সম্ভাব্য পরিণতি সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশিকার কথা উল্লেখ করে যন্তর মন্তর ও তার আশেপাশের এলাকায় যে কোনও ধরনের বিক্ষোভ বা জমায়েতে যোগদান বা যাতায়াত না করার জন্য অনুরোধ জানানো হয়েছে নির্দেশিকায়। সমাজমাধ্যমে যেকোনও তথ্য বা পোস্ট শেয়ার করার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, দেশের আইন কিংবা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শৃঙ্খলা ও দায়িত্বশীল নাগরিক হিসাবে ভূমিকা পালনের আর্জি জানিয়েছেন পড়ুয়া এবং বাকি কর্মীদের।
উল্লেখ্য, আইআইটি রুরকি ও দিল্লি বিশ্ববিদ্যালয়ও নিরাপত্তার দোহাই দিয়ে এবং আদালতের নির্দেশ মনে করিয়ে দিয়ে একইরকম নির্দেশিকা জারি করেছে। যার কঠোর সমালোচনা কড়া সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্বরা।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "পড়ুয়ারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলে আপনারা তাঁদের হুমকি দেওয়ার সাহস কীভাবে পান? মনে রাখবেন, সময় এলে আপনাদেরই কিন্তু জবাবদিহি করতে হবে।"
















