আজকাল ওয়েবডেস্ক: দিল্লির বুকে ককরোচদের আন্দোলন থামলেও বিতর্ক থামেনি। এবার বিতর্ক, ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ এবং কয়েকজনের একটি ভিডিও। ওই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ছিঃ ছিঃ করছেন। তীব্র সমালোচনাও চলছে। প্রশ্নও উঠছে একাধিক।
যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে কী দেখা গিয়েছে ভিডিওতে? দেখা গিয়েছে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আরও কয়েকজন মেতেছেন নাচের ছন্দে। ওই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। ইউটিউবার-রাজনৈতিক বিশ্লেষক মেঘনাদ একটি পোস্ট করেছেন। তাতে তাঁর ক্ষোভ স্পষ্ট। মেঘনাদ লিখেছেন, 'গত দু'দিন ধরে আমি এবং আমার কয়েকজন বন্ধু পকেটের টাকা খরচ করে আন্দোলনে আসা, ক্ষুধার্থ, অসহায়দের বাড়ি ফেরার ব্যবস্থা করেছি। এদিকে দেখুন, সিজেপি নেতারা বলছে— ‘গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে’! যন্তর মন্তরে যখন পুলিস এসে আন্দোলনের সহযোদ্ধাদের জিনিসপত্র তুলে ফেলে দিল, নেতারা তখন সেখান থেকে পালিয়ে গিয়েছেন।' সিজেপি'ও আদতে অন্যান্য রাজনৈতিক দলগুলির মতোই হয়ে উঠেছে বলেও চরম কটাক্ষ করেছেন মেঘনাদ।
অন্যদিকে সৌরভদের নাচের, হুল্লোড়ের ভিডিও পোস্ট করে বিজেপির রাজ্যসভার এমপি মহেশ জেঠমালানি লিখেছেন, 'সত্যিই?
সিজেপি (CJP)-র নেতৃত্ব একটি হোটেলে বিজয়-উৎসব করছে! দিল্লিতে দিনের পর দিন সহিংসতা চলার পর, তথাকথিত এই যুব-কর্মীরাই কিনা গান-বাজনা চালু করে নাচানাচি শুরু করে দিল।
আরও গুরুতর কিছু প্রশ্ন: এই আন্দোলন চলাকালীন যাতায়াত, খাওয়া-দাওয়া, থাকা-খাওয়া, সরঞ্জাম এবং অন্যান্য ব্যবস্থাপনার খরচ কারা জুগিয়েছে? দিল্লিকে যারা উত্তপ্ত ও অস্থির করে রেখেছিল, তাদের অর্থায়ন কারা করেছে?'
যদিও সৌরভ সংবাদমাধ্যমে জানিয়েছেন, কোনও ফাইভ স্টার হোটেলে নয়, ১৫০-২০০ কর্মীকে নিয়ে উচ্ছ্বাস পালন করেন তাঁরা।
















