আজকাল ওয়েবডেস্ক: বিরোধীদের তুমুল হই-হট্টগোলের পরেও সংসদে তিন বিল পেশ করল কেন্দ্র। ভোটাভুটিতেও হার মানতে হল বিরোধীদের। বৃহস্পতিবার সংসদে কেন্দ্রের প্রস্তাবিত মহিলা আসন সংরক্ষণ বিল, আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল পেশ করা হয়।
এদিন অধিবেশনের শুরুতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল উপস্থাপনের প্রস্তাব দেন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল উপস্থাপন করেন।
কংগ্রেস সাংসদ কে.সি.ভেনুগোপাল এই তিনটি বিলই পেশ করার বিরোধিতা করেন। বিরোধীদের তরফে ভোটাভুটির আবেদন করা হয়। প্রথমে স্পিকার সেই পরামর্শে রাজি হননি।
তবে পরে বিরোধীদের তুমুল হট্টগোলের পরে তিনি রাজি হন। ভোটাভুটিতে দেখা যায়, বিল পেশের পক্ষে ২০৭টি ভোট পড়েছে। অন্যদিকে, বিপক্ষে মোট ১২৬টি ভোট পড়েছে।
জানা গিয়েছে, সংসদে এদিন বিরোধী এবং শাসক শিবিরের বহু সাংসদই অনুপস্থিত ছিলেন। শাসক দল এনডিএ-র অন্তত ৮৬ জন সাংসদ এদিন অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
ইন্ডিয়া জোটেরও অনেকে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এদিন কেন্দ্রের পেশ করা তিনটি বিলের মধ্যে আসন পুনর্বিন্যাস বিল নিয়েই মূলত তীব্র বিরোধিতা করছে বিরোধীরা। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন সহ একাধিক বিরোধী শিবির এই বিল পেশের বিরোধিতা করেন এদিন।
এই বিলের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করতে চাইছে কেন্দ্র। এই বিল পাশ হলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হবে। যার এক তৃতীয়াংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য।
উল্লেখ্য, এদিন সকালে নারী সংরক্ষণ বিল নিয়ে বিশেষ পোস্টও করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি লেখেন, ‘আজ সংসদের বিশেষ অধিবেশনে দেশ মহিলাদের ক্ষমতায়নের দিকে একধাপ এগিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে। মা ও বোনদের প্রতি সম্মানই জাতির প্রতি সম্মান, এই ভাবনাকে সামনে রেখে সরকার দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।’















