আজকাল ওয়েবডেস্কঃ নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র চুরি ও প্রশ্নফাঁসের বহুচর্চিত মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিহারের সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়া। শেষমেশ মিলল স্বস্তি। প্রশ্নফাঁস বা তা বিতরণের সঙ্গে তাঁর জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সিবিআই। বলা যায়, তাঁকে কার্যত ক্লিন চিট দেওয়া হয়েছে সিবিআই-এর তরফে। এমনটাই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

 

জানা গিয়েছে, ২০২৪ সালে নিট পরীক্ষা ঘিরে বিতর্কের পর প্রথমে সঞ্জীবের বিরুদ্ধে মামলা দায়ের করে বিহার পুলিশ। এর আগেও অন্য পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় নাম জড়ায় সঞ্জীব মুখিয়ার। ফলে তাঁকে আগেই সন্দেহভাজনের তালিকায় রেখেছিল পুলিশ। নিট পরীক্ষা ঘিরে বিতর্কের পর সেই মামলাতেও সঞ্জীবের নাম ফের অভিযুক্ত তালিকায় যুক্ত করে পুলিশ।

 

সেখান থেকে সিবিআই-এর হাতে মামলার তদন্তের ভার হস্তান্তরিত হয়। তদন্ত শেষে সম্প্রতি কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে,

প্রশ্নপত্র চুরির মূল ষড়যন্ত্রকারী, তা বিতরণকারী এবং এর থেকে লাভবান হওয়া প্রত্যেককে শনাক্ত করা গিয়েছে। তবে সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে প্রশ্ন চুরি বা তা বিতরণের কোনও প্রমাণ মেলেনি বলে জানায় সিবিআই।

 

সিবিআই-এর বক্তব্য, "২০২৪ সালের নিট ইউজি-র প্রশ্নপত্র চুরি বা বিতরণে সঞ্জীব মুখিয়ার কোনও ভূমিকা ছিল বলে প্রমাণ মেলেনি।" তবে কেন এখনও জেলে সঞ্জীব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষিতে সিবিআই জানিয়েছে, এই নির্দিষ্ট মামলায় জামিন পেলেও সঞ্জীব মুখিয়াকে এখনই জেল থেকে ছাড়া হবে না। বিহার পুলিশ কর্তৃক তদন্তাধীন বেশ কিছু পুরনো মামলায় অভিযুক্ত হওয়ার কারণেই তিনি বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন বলে জানা গিয়েছে।

 

সিবিআই জোর দিয়ে জানিয়েছে যে, ২০২৪ সালের নিট ইউজি-র প্রশ্নফাঁস সংক্রান্ত তদন্ত প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংক্রান্ত ষড়যন্ত্রের জট খোলা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সমস্ত দোষীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া মেনে যথাযথ পদক্ষেপ করা হবে।