দীক্ষা ভুঁইয়া: আগামী ২ আগস্ট দেশজুড়ে শুরু হতে চলা ‘মাদকমুক্ত যুব, উন্নত ভারত সংকল্প অভিযান’-এর প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গের ৪৭টি বেসরকারি, ডিমড এবং রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল আর. এন. রবি।
লোকভবন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হন রাজ্যপাল। পরে লোকভবন থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন।
মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে এই জাতীয় অভিযানে বিশ্ববিদ্যালয়গুলিকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান রাজ্যপাল। তিনি প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করে ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেন।
রাজ্যপালের মতে, এই উদ্যোগকে শুধুমাত্র একটি সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনআন্দোলনে পরিণত করতে হবে। একইসঙ্গে, ‘মাদকমুক্ত যুব, উন্নত ভারত’ গড়ে তোলার জাতীয় সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিক ও উদ্ভাবনী কর্মসূচি গ্রহণের উপরও তিনি জোর দেন।
















