আজকাল ওয়েবডেস্ক: প্রখ্যাত অভিনেতা জনি লিভারের কন্যা তথা জনপ্রিয় কৌতুকশিল্পী জেমি লিভার সম্প্রতি তাঁর শৈশবের কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে ছোটবেলায় একাধিকবার অশালীন আচরণের শিকার হতে হয়েছিল তাঁকে, যা তাঁর মনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছিল।
জেমি জানান, যখন তিনি মুম্বইয়ের স্কুলে পড়তেন, তখন একদিন স্কুলের বাইরে গাড়ির জন্য অপেক্ষা করার সময় এক ব্যক্তি তাঁর সামনে চরম অশালীন আচরণ শুরু করেন। মাত্র ১০-১২ বছর বয়সী জেমি সেই ঘটনায় এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে, ভয়ে গাড়ির দরজা লক করে দেন। শুধু তাই নয়, জেমির অভিযোগ— যাঁর ওপর শিশুদের সুরক্ষার দায়িত্ব থাকে, সেই স্কুল বাস কন্ডাক্টরও মাঝেমধ্যে তাঁদের সঙ্গে আপত্তিকর আচরণ করতেন এবং কুৎসিতভাবে স্পর্শ করতেন।
অন্ধেরি স্টেশনে ঘটা আরও একটি ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, একবার এক ব্যক্তি প্রকাশ্যেই তাঁর পথ আটকে দাঁড়িয়ে অত্যন্ত কুরুচিকর অঙ্গভঙ্গি করেন। এই একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো জেমিকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে দিয়েছিল যে, তিনি দীর্ঘকাল পুরুষদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতেন। জেমি স্বীকার করেছেন, "এই ঘটনাগুলো আমার কাছে দুঃস্বপ্নের মতো। বছরের পর বছর আমি নিজেকে গুটিয়ে রেখেছিলাম। কোনও পুরুষের সঙ্গে মেলামেশা বা সম্পর্কে জড়ানোর কথা ভাবতেই পারতাম না।"
অবশেষে লন্ডনে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পর তিনি ধীরে ধীরে সেই ট্রমা কাটিয়ে নিজেকে মেলে ধরতে শুরু করেন। জনি লিভারের মেয়ে হিসেবে পরিচিতি থাকলেও নিজের মেধা দিয়ে জেমি আজ বিনোদন জগতে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন। ২০১৫ সালে বলিউডে অভিষেকের পর বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর নিখুঁত মিমিক্রি এবং হাস্যকৌতুক ভিডিওর জন্য দারুণ জনপ্রিয়।















