আজকাল ওয়েবডেস্ক: আচমকা নিখোঁজ ১৮ মাসের এক খুদে। বহু খোঁজাখুঁজির মেলেনি সাড়া। সবাই দূরদূরান্তে গিয়েই খুঁজছিলেন। অথচ বাড়ির পাশের নর্দমা থেকেই উদ্ধার হল তার দেহ! দীপাবলির আগে খুদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে খুদে কন্যা নিখোঁজ ছিল। পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা আশেপাশে খোঁজাখুঁজি করার পর পুলিশে অভিযোগ জানান। এরপরই তল্লাশি অভিযান শুরু হয়। কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর বাড়ির পাশের নর্দমা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত খুদেকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। 

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শিবাজী নগর এলাকায়। শনিবার ওই এলাকার একটি নর্দমা থেকে অচৈতন্য অবস্থায় ১৮ মাসের খুদে কন্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেখানে তার মৃত্যু হয়েছে। তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

কে বা কারা খুদেকে নর্দমায় ফেলে দিয়েছিল, খুদেকে খুনের উদ্দেশ্য কেন ছিল, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। একটি মামলা রুজু করে চলছে তদন্ত প্রক্রিয়া।