আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভরা ক্লাসরুমের সামনে ছাত্রকে ‘জঙ্গি’ বলে অপমান করলেন অধ্যাপক। এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে ইতিমধ্যেই।
জানা গিয়েছে, ভরা ক্লাসরুমে এক মুসলিম ছাত্রকে ‘জঙ্গি’ বলে অপমানজনক মন্তব্য করেন তিনি। সেই অভিযোগেই তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি। ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা।
ইতিমধ্যেই ওই অধ্যাপককে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৪ মার্চ বেঙ্গালুরুর পেস বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অধ্যাপক মুরলীধর দেশপাণ্ডে এক ছাত্রকে উদ্দেশ্য করে বলছেন, ‘তুমি একজন জঙ্গি, কী খেয়ে আসো? আজ আমি শান্ত থাকতে চেয়েছিলাম। তোমার লজ্জা করে না? কোনও কাজের নও।’
ক্লাসরুমে উপস্থিত বাকি পড়ুয়ারাই লুকিয়ে গোটা ঘটনার ভিডিও করে বলে জানা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অধ্যাপকের এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা।
ঘটনার জেরে কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে অধ্যাপক দেশপাণ্ডেকে সাময়িক বরখাস্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জওহর দোরেস্বামী জানান, ‘প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি রয়েছে। আমরা ইতিমধ্যেই টেকনিক্যাল টিমকে খবর দিয়েছি। ভিডিওটি সত্যি কিনা তা যাচাই করা হচ্ছে। অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে এবং শৃঙ্খলাভঙ্গ কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।’
এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই অধ্যাপকের মন্তব্যের তীব্র নিন্দা করে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন।















