আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ হাইকোর্ট বুধবার বিজেপি নেতা ও রাজ্য মন্ত্রী কুনওয়ার বিজয় শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে করা এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
অপারেশন সিঁদুর বিষয়ে সশস্ত্র বাহিনীর তরফে ব্রিফিংয়ের সময় কর্নেল কুরেশি উপস্থিত ছিলেন। সেই প্রেক্ষিতে বিজয় শাহ এক সরকারি অনুষ্ঠানে বলেন, “যারা আমাদের মেয়েদের বিধবা করেছে, তাদের শিক্ষা দিতে প্রধানমন্ত্রী পাকিস্তানি সম্প্রদায়ের এক বোনকে পাঠিয়েছেন।”
এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি শাহের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এবং তার বরখাস্তের দাবি জানিয়েছেন। হাইকোর্ট ডিরেক্টর জেনারেল অব পুলিশকে চার ঘণ্টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
এই মামলার শুনানি হবে ১৫ মে। কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে তারা দেশের সব থানায় শাহের বিরুদ্ধে এফআইআর করবে।
