আজকাল ওয়েবডেস্ক: আবারও বিমান দুর্ঘটনা। বেঙ্গালুরু বিমানবন্দরে নামার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এই ঘটনাটি ঘটে। তবে পাইলটের বুদ্ধিতে বড় বিপদ এড়ানো গিয়েছে। দিল্লি থেকে আসছিল বিমানটি। বিমানবন্দরে নামার পর যাত্রী ও বিমানকর্মীদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনাকে ‘টেলস্ট্রাইক’ বলা হয়। উড়ান শুরু করার সময় বা নামার মুহূর্তে বিমানের পিছনের অংশ রানওয়েতে ঘষা খেলে এমনটা হয়। এই ঘটনার পর বিমানের মূল কাঠামোয় কোনও ক্ষতি হয়েছে কি না, তা ভালো করে পরীক্ষা করা হচ্ছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল ‘এয়ারবাস এ-৩২০’ মডেলের। তদন্ত ও পরীক্ষার জন্য বিমানটিকে আপাতত বেঙ্গালুরুতেই আটকে রাখা হয়েছে। এর ফলে বেঙ্গালুরু থেকে দিল্লি যাওয়ার ফিরতি উড়ানটি বাতিল করতে হয়েছে।
টাটা গোষ্ঠীর এই বিমানসংস্থা জানিয়েছে, বিপাকে পড়া যাত্রীদের দ্রুত অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বেঙ্গালুরুর কর্মীরা যাত্রীদের সব রকম সাহায্য করছেন।
নিয়ামক সংস্থার নিয়ম মেনে এই ঘটনার পুরো তদন্ত করা হবে। যাত্রীদের এই হয়রানির জন্য দুঃখপ্রকাশ করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন নামতে যাচ্ছিল, তার ঠিক আগেই রানওয়ে থেকে একটি ‘বোয়িং ৭৪৭’ বিমান আকাশে ওড়ে। ওই বিমানের ইঞ্জিনের জেরে রানওয়ের বাতাসে প্রচণ্ড ঝাঁকুনি বা ঘূর্ণাবর্ত তৈরি হয়।
এয়ার ইন্ডিয়ার পাইলট বুঝতে পারেন, এই অবস্থায় নামা বিপজ্জনক হতে পারে। তাই তিনি তড়িঘড়ি বিমানটিকে নামানোর সিদ্ধান্ত বদলে ফের আকাশে উড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। আর তখনই বিমানের পিছন দিকটি রানওয়েতে ছোঁয়া লেগে যায়।















