আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়া ভারতের অন্যতম সেরা বিমান পরিষেবার অন্যতম। এবার পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এল এয়ার ইন্ডিয়া। দেশের সকল পড়ুয়াদের জন্য বিমান ভাড়াতে ১০ শতাংশ ছাড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। এখানেই শেষ নয় ১০ শতাংশ বেশি লাগেজ নিয়েও তারা এয়ার ইন্ডিয়ার বিমানে উঠতে পারবে। এয়ার ইন্ডিয়ার মোবাইল টিকিট বুকিং অ্যাপ এবং এয়ার ইন্ডিয়ার টিকিট বুকিং কাউন্টার থেকে মিলবে এই ছাড়।

 

এই বিশেষ সুবিধা ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস কেবিনে পাওয়া যাবে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই সুযোগের ফলে পড়ুয়ারা অতি সহজে বিমানে চড়তে পারবে। এমনকি বিদেশযাত্রার সময়ও এই টিকিট ছাড়ের বিষয়টি বজায় থাকবে। শিক্ষামূলক ভ্রমণের জন্য চিন্তাভাবনা করেই এয়ার ইন্ডিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। পড়ুয়াদের কাছে এটি একটি বাড়তি পাওনা। দেশের বিভিন্ন অংশেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা রয়েছে।

 

পাশাপাশি ৪২ টি দেশে সরাসরি পৌঁছে যায় এয়ার ইন্ডিয়া। পড়ুয়ারা আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়াতেও অতি সহজে পৌঁছে যেতে পারবেন। ভারতের মধ্যে যদি কোথাও যাওয়ার হয় তাহলে পড়ুয়ারা এয়ার ইন্ডিয়ার মোবাইল অ্যাপ থেকে বুকিং করলে ৩৯৯ টাকা ছাড় পাবেন। অন্যদিকে বিদেশের বুকিংয়ের ক্ষেত্রে ৯৯৯ টাকা ছাড় পাবেন। ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়েও পড়ুয়ারা নিজেদের ভাড়া দিতে পারবেন।

 

একটি বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে সমস্ত কিছু মিলে পড়ুয়ারা ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তের ফলে খুশি হয়েছে পড়ুয়ারাও। এবার তারা কম খরচে শুধু ভারতের বিভিন্ন শহরে নয়, বিদেশেও যাতায়াত করতে পারবেন।