আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক অশান্তি। অশান্তির জেরে চরম পরিণতি দুই সন্তান সহ এক গৃহবধূর। স্বামীর সঙ্গে বচসার জেরে নিজের দুই সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক তরুণী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের লাতুর জেলার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম নিকিতা অমরদীপ ভুরে (২৫)। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছে মাত্র পাঁচ বছরের শিবানী এবং তিন বছরের শিবাংশের।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই নিকিতার সঙ্গে তাঁর পরিবারের টানাপড়েন চলছিল। রবিবার সন্ধ্যায় স্বামী অমরদীপের সঙ্গে তাঁর আচমকা তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। জানা গিয়েছে, মধ্যরাত পর্যন্ত চলে সেই অশান্তি। অভিযোগ, পারিবারিক কলহের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন বধূ। রবিবার রাতেই ঘটে চরম পরিণতি। রাত দেড়টা নাগাদ দুই সন্তানকে নিয়ে ঘর ছাড়েন তিনি। তার পর বাড়ির অদূরেই একটি কুয়োয় ঝাঁপ দেন।
সোমবার সকালে নিকিতা ও দুই শিশুর খোঁজ না মেলায় তল্লাশি শুরু করেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ তাঁদের হদিস পাওয়া যায়নি। এর পর বিকেলে বাড়ির কাছের ওই কুয়োর মধ্যে তিনজনের দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় এক হাসপাতালে৷
ঘটনার জেরে ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে বধূ এমন চরম পথ বেছে নিলেন বা এর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷















