আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় লাইক আর ফলোয়ার বাড়ানোর চক্করে যে এত বড় বিপদ নেমে আসতে পারে, তা হয়তো ভাবতেও পারেননি মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা রচনা গুর্জর। পেশায় ইউটিউবার রচনার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায়ই তাঁর বিলাসবহুল জীবনযাপন, দামি গাড়ি এবং দামী সোনা-দানার গয়নাগাটির ছবি ও ভিডিও ভেসে উঠত। আর এই জনপ্রিয়তাই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। সম্প্রতি রচনার মোহনি গ্রামের বাড়িতে হানা দিয়ে লাখ লাখ টাকার গয়না ও নগদ টাকা লুঠ করে চম্পট দিল একদল চোর। এই ঘটনার পর পুলিশের প্রাথমিক অনুমান, সোশ্যাল মিডিয়ায় রচনার বিত্তবৈভবের প্রদর্শনী দেখেই হয়তো অপরাধীরা এই বাড়িটিকে নিশানা করেছিল।
চুরি করার আগে অপরাধীরা যে অত্যন্ত ঠাণ্ডা মাথায় পুরো ছক কষেছিল, তা বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্পষ্ট হয়েছে। ফুটেজে দেখা গেছে, চোরেরা একটি মই নিয়ে রচনার বাড়ির দেওয়ালে ওঠে এবং পাঁচিলে থাকা সুরক্ষার তারগুলো কেটে ভেতরে ঢোকার রাস্তা তৈরি করে। শুধু তাই নয়, ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা অত্যন্ত চাতুর্যের সঙ্গে একটি লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরাটিকে উপরের দিকে ঘুরিয়ে দেয়, যাতে তাদের মুখ কোনওভাবেই ক্যামেরায় বন্দি না হয়।
বাড়ির ভেতরে ঢুকে আলমারি ভেঙে তছনছ করে সোনা ও রূপোর গয়না সহ সমস্ত নগদ টাকা হাত সাফাই করে চোরেরা। ঘটনার পর বাড়ির ভেতরের যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গেছে পুরো ঘরের জিনিসপত্র চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে, যা থেকে চুরির ভয়াবহতা স্পষ্ট বোঝা যায়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই বিষয়ে শিবপুরীর অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব মূল জানিয়েছেন যে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে পুলিশ এই বিষয়টিতে বিশেষ জোর দিচ্ছে যে, চোরেরা রচনার সোশ্যাল মিডিয়ার গতিবিধির ওপর নজর রাখছিল কি না। আজকের ডিজিটাল যুগে ইন্টারনেটে নিজের দামি জিনিসপত্রের প্রদর্শন যে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে, শিবপুরীর এই ঘটনা আরও একবার তা প্রমাণ করে দিল। ভার্চুয়াল দুনিয়ার ফলোয়ারদের ভিড়ে যে কত বড় অপরাধী লুকিয়ে থাকতে পারে, এই ঘটনা সমাজমাধ্যমের ব্যবহারকারীদের জন্য এক বড়সড় সতর্কবার্তা।















