আজকাল ওয়েবডেস্ক: নির্মাণকাজ চলাকালীন মাটির দেওয়াল ধসে ভয়াবহ দুর্ঘটনা গুজরাটে। মাটি চাপা পড়ে প্রাণ হারালেন নয়জন শ্রমিক। আহত আরও একজন। দুর্ঘটনায় শোকের ছায়া গোটা রাজ্যে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। মহেসানা জেলার কাদি মহকুমার জসলপুর গ্রামে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে গর্ত খুঁড়ছিলেন কয়েকজন শ্রমিক। তখনই একপাশের মাটির দেওয়াল ধসে পড়ে। কয়েক ফুট নীচে ছিলেন দশজন শ্রমিক। ধসের পর সেই মাটির দেওয়ালের নীচে চাপা পড়েন তাঁরা। 

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরেই অন্যান্য শ্রমিকরা থানায় খবর পাঠান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। টানা কয়েক ঘণ্টা উদ্ধারকাজ চলার পর দশজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এর মধ্যে নয়জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে দুইজন মহিলা শ্রমিক ছিলেন। মৃতদের সকলের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। 

 

গুজরাটের ভয়াবহ দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।