আজকাল ওয়েবডেস্ক: দাদাকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হল আট বছরের এক নাবালিকা। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক শোরগোল যোগীরাজ্যে। এখনও পর্যন্ত অধরা দুই অভিযুক্ত।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। শনিবার সন্ধ্যায় কালিন্দী গ্রামে নাবালিকার দাদাকে মারধর করছিল একদল দুষ্কৃতী। ঘর থেকে ছুটে এসে দাদাকে বাঁচাতে গিয়েছিল নাবালিকা। তখনই দুষ্কৃতীরা নাবালিকাকে লক্ষ্য করে গুলি চালায়। তড়িঘড়ি করে নাবালিকাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের মধ্যে কয়েকজনের সঙ্গে নাবালিকার দাদার বচসা হচ্ছিল। দুই অভিযুক্ত কামরান ও মাশরুরের সঙ্গে যুবকের দু'বছর ধরে ঝামেলা চলছিল। সেই ঝামেলার কারণে আচমকা যুবকের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। দাদাকে বাঁচাতে ছুটে গিয়েছিল নাবালিকা। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পরেই দুই অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। মৃত নাবালিকার পরিবারের তরফেও অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
















