আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের। সংঘর্ষের পরেই দু'দিকে উল্টে পড়ে বাস ও ট্যাঙ্কারটি। ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন আটজন। গুরুতর আহত হয়েছেন আরও ৪০ জন বাসযাত্রী। দুর্ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানিয়েছে, বাসটি লখনউ থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। অন্ততপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন তাতে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে আচমকা নিয়ন্ত্রণ হারান বাসের চালক। তখন সেটি সজোরে ধাক্কা মারে একটি ট্যাঙ্কারে। তারপরেই যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কার উল্টে যায়। 

স্থানীয়রা বিকট আওয়াজ শুনেই ছুটে আসেন। তাঁরাই খবর পাঠান পুলিশে। বাসের জানলা ভেঙে তড়িঘড়ি যাত্রীদের উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, সেখানে আটজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কারও কারও শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশকে আহত যাত্রীরা জানিয়েছেন, বাসের চালক হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন। বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি নিয়ন্ত্রণ হারান। তাতেই ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনায় বাসের চালকও প্রাণ হারিয়েছেন।