আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বদায়ুঁতে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল। প্রসঙ্গত, যোগী রাজ্যে বারবার উঠছে ধর্ষণের অভিযোগ। এক শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে বদায়ুঁ জেলার বিলসি থানা এলাকায়। শুক্রবার রাতে বাড়ির অদূরে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে শিশুকন্যার দেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ সুপার ব্রিজেশ সিং।
অভিযুক্তকে খুঁজে বের করতে পুলিশের চারটি দল গঠন করা হয়। রাতভর চলে তল্লাশি। দেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে শনিবার ভোর ৪টের সময় অভিযুক্তকে খুঁজে বের করে পুলিশ। পরিবার সূত্রে খবর, শুক্রবার দুপুরে বাড়ির কাছেই একটি বাজারে গিয়েছিল শিশুটি। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন শিশুটির মা–বাবা। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। এরপরই শিশুটির খোঁজ শুরু হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তারই একটি ফুটেজে ওই শিশুটিকে ২২ বছরের এক যুবকের সঙ্গে দেখতে পাওয়া যায়। সেখান থেকেই ওই যুবককে চিহ্নিত করে পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। এরপরেই বাড়ির ৫০০ মিটার দূরত্বে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে রাত ১০টা নাগাদ শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
এই ঘটনার তদন্তে দ্রুত চারটি দল গঠন করে জেলা পুলিশ। শনিবার ভোর ৪টেয় বিনপুর এলাকায় অভিযুক্তের হদিস পায় পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তার করতে গেলেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। তাতে এক পুলিশ কর্মী আহত হন। পাল্টা গুলি চালায় পুলিশ। অভিযুক্তের পায়ে লাগে। তার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদিকে, শনিবার শিশুটির মৃতদেহের ময়নতদন্ত করা হবে।















