আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার জেরে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল যাত্রীবাহী বাস ও ট্রাকের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রীর। মৃতদের মধ্যে একজন মহিলা ও এক পাঁচ মাসের শিশুও রয়েছে। আহত হয়েছেন একাধিক যাত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। যমুনা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের থেকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে যমুনা এক্সপ্রেসওয়ে এলাকায় ঘন কুয়াশা ছিল। তার জেরে কমে গিয়েছিল দৃশ্যমানতা। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। সংঘর্ষের জেরে বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। চেপটে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করতেই কয়েক ঘণ্টা সময় পেরিয়ে যায়। দুর্ঘটনায় আরও ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে। মৃতদের মধ্যে তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।
















