আজকাল ওয়েবডেস্ক: আইআইটি কানপুরের হস্টেল থেকে উদ্ধার ২৪ বছর বয়সি এক গবেষক ছাত্রের দেহ। হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া গেছে। সঙ্গে তাঁর ঘর থেকেই পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোমবার। মৃত পড়ুয়ার নাম, অঙ্কিত যাদব। তিনি আদতে নয়ডার বাসিন্দা ছিলেন। আইআইটি কানপুরে রসায়ন বিভাগের গবেষক ছাত্র ছিলেন। সোমবার সকাল থেকে তাঁর বন্ধুরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। কিন্তু বিকেল পর্যন্ত তাঁর কোনও সাড়া পাননি। এমনকী হস্টেলের অন্যান্য ছাত্ররা তাঁর দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেও, কোনও সাড়াশব্দ পাননি। তখনই কর্তৃপক্ষকে খবর পাঠান।
বিষয়টি জানতে পেরেই পুলিশে খবর দেন আইআইটি কানপুর কর্তপক্ষ। সোমবার বিকেলে হস্টেলের ঘরের দরজা ভেঙে অঙ্কিতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে অঙ্কিতের ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে তিনি লিখেছিলেন, আত্মহত্যার জন্য কেউ দায়ী নন।
প্রসঙ্গত, গত বছর আইআইটি কানপুরের একাধিক পড়ুয়ার আত্মহত্যার খবর পাওয়া গিয়েছিল। ২০২৪ সালে জানুয়ারি মাসে এমটেক দ্বিতীয় বর্ষের পড়ুয়া, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক ছাত্রী এবং অক্টোবর মাসে আরও এক গবেষক ছাত্রী আত্মঘাতী হন।
















