আজকাল ওয়েবডেস্ক: রেলস্টেশনের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। শনিবার কনৌজ রেলস্টেশনের নির্মীয়মাণ ছাদের খানিকটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আচমকা। কাজ করতে গিয়ে ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বহু শ্রমিক। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। কয়েকজন আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন কনৌজ রেলস্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে দুপুর আড়াইটে নাগাদ। রেলস্টেশনের ছাদে সৌন্দর্যায়নের কাজে নিযুক্ত ছিলেন বহু শ্রমিক। কাজের মাঝে হঠাৎ ভেঙে পড়ে ছাদের একটি অংশ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে ধ্বংসস্তূপে ২০ শ্রমিক আটকে পড়েছেন। তাঁদের মধ্যে আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে ছ'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, আরপিএফ, জিআরপি। ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের উদ্ধারকাজ এখনও চলছে। কীভাবে ছাদের ওই অংশটি ভেঙে পড়ল, তা ঘিরেও তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
