আজকাল ওয়েবডেস্ক: জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়েছিল দুই বান্ধবী। রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও, আর ফেরেনি বাড়িতে। ভোরবেলায় পরিবার জানত পারে, অদূরেই এক আমবাগানে তাদের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া গেছে। দুইজনের গলাতেই ওড়নার ফাঁস। এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের ফারুকাবাদে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই কিশোরীর বয়স ১৫ ও ১৮ বছর। মৃতার বাবা জানিয়েছেন, সোমবার সন্ধেয় গ্রামেই জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়েছিল তারা। বৃষ্টির কারণে রাত নয়টায় ফিরে এসেছিল। বৃষ্টি থামতেই আবার গিয়েছিল ওই অনুষ্ঠানে। তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। ওই গ্রামেই আত্মীয়দের বাড়িতেও খোঁজ করা হয়েছিল। প্রাথমিকভাবে সকলে ভেবেছিলেন, রাত হয়ে যাওয়ায় আত্মীয়দের বাড়িতেই হয়তো ওরা গিয়েছিল। কিন্তু ভোর পর্যন্ত দুইজনের কোনও খোঁজ মেলেনি। 

 

মঙ্গলবার ভোরবেলায় এক ব্যক্তি এসে খবর দেয়, আমবাগানে দুই কিশোরীর মৃতদেহ ঝুলছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্ত করে পরিবার। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ও একটি সিম কার্ড পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে তারা। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। দুই কিশোরীকে একই সময়ে কে বা কারা খুন করল, নেপথ্যে কী কারণ, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।