আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনা রাজস্থানে। অটোরিক্সায় সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের। ভয়ঙ্কর দুর্ঘটনা প্রাণ কাড়ল ১২ জনের। আহত রয়েছেন আরও একাধিক যাত্রী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঢোলপুরে। পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ঢোলপুর থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। রাত ১১টা নাগাদ সুনিপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি যাত্রীবাহী অটোরিক্সায় সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে অটোরিক্সাটি পুরোটাই দুমড়ে মুচড়ে যায়। বাসটির সামনের অংশটিও দুমড়ে যায়। 

 

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ১২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু। অটোরিক্সার চালক এবং বাসের তিন মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। 

 

দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দুর্ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আহতদের চিকিৎসার জন্য প্রশাসন সহায়তা করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।