আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত অন্তত ১৩ জন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের মারকাপুরম জেলায় লরির সঙ্গে বেসরকারি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৩ জন মারা যান।
জানা গেছে, সংঘর্ষের পরেই বাসটিতে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের উদ্দেশে যাচ্ছিল। মারকাপুরম জেলায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আট জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অন্তত ২৪ জন গুরুতর আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আরও পাঁচ জন মারা যান।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করতে বলেছেন তিনি। গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়েছেন তিনি।
কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। সম্ভবত গাড়ি চালক নিয়ন্ত্রণ হারাতেই এই ভয়াবহ দুর্ঘটনা বলে অনুমান। বাসে কত জন যাত্রী ছিলেন তাও জানা যায়নি। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।















