চিনি ছাড়াই তৈরি করুন দারুণ স্বাদের রসমালাই, জেনে নিন কীভাবে বানাবেন এই হেলদি মিষ্টি
নিজস্ব সংবাদদাতা
২৭ নভেম্বর ২০২৬ ২১ : ১২
শেয়ার করুন
1
10
চিনি ছাড়াই রসমালাই! কোনও চিন্তা নেই। চিনির বদলে এই রেসিপির জন্য খেজুর গুড় বা নলেন গুড় ব্যবহার করতে পারেন। শীত পড়তে শুরু করেছে, এই সময় জেনে নিন কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু মিষ্টি।
2
10
মালাই তৈরির জন্য লাগবে ফুল ক্রিম দুধ: ১ লিটার, খেজুরের গুড় (পাটালি বা ঝোলা গুড়): স্বাদমতো (প্রায় ১/২ থেকে ৩/৪ কাপ, নিজের মিষ্টি খাওয়ার পছন্দ অনুযায়ী), এলাচ গুঁড়ো: ১/২ চা চামচ, জাফরান বা সামান্য কেশর: এক চিমটি, পেস্তা ও কাঠবাদাম কুচি।
3
10
ছানার বল তৈরির জন্য দুধ: ১ লিটার (ছানা কাটার জন্য), লেবুর রস বা ভিনিগার: ২-৩ টেবিল চামচ (সামান্য জলে গুলে নেওয়া), কর্নফ্লাওয়ার বা ময়দা: ১ চা চামচ (ছানা বাইন্ডিংয়ের জন্য), জল: ৪-৫ কাপ।
4
10
প্রথমে ১ লিটার দুধ একটি পাত্রে ফুটিয়ে নিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে লেবুর রস বা ভিনিগার অল্প অল্প করে দিন। ছানা কেটে সবুজ জল আলাদা হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। এবার একটি পাতলা সুতির কাপড়ে ছানা ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে নিন, যাতে লেবু বা ভিনেগারের টক ভাব চলে যায়।
5
10
কাপড়টি মুড়ে চেপে অতিরিক্ত জল ঝরিয়ে নিন। প্রায় ৩০ মিনিট ঝুলিয়ে রাখুন বা ভারী কিছু চাপা দিয়ে রাখুন, তবে একদম শুকনো করবেন না যেন হালকা আর্দ্রতা থাকে। এবার ছানা একটি থালায় নিয়ে হাতের তালু দিয়ে ভাল করে মসৃণ করে মেখে নিন। এতে কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে আরও ২ মিনিট মেখে নিন। এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে সামান্য চ্যাপ্টা করে বলের আকার দিন। রসে দেওয়ার পর এগুলো ফুলে উঠবে।
6
10
একটি চওড়া পাত্রে ৪-৫ কাপ জল ফুটিয়ে নিন। চিনি ছাড়া যেহেতু, তাই সাধারণ জলেই সেদ্ধ করা যায়; চাইলে সামান্য গুড় দিতে পারেন, তবে গুড় দিয়ে ফোটালে ছানা শক্ত হতে পারে বা রঙ বদলে যেতে পারে—তাই জলে সেদ্ধ করে পরে রসে ডোবানোই ভাল।
7
10
জল ফুটতে শুরু করলে ছানার বলগুলো একে একে ছেড়ে দিন। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ১০-১২ মিনিট ফোটান। মাঝে মাঝে পাত্রটি হালকা নাড়িয়ে দিন।বলগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেলে আঁচ বন্ধ করে ঠান্ডা জলে বা স্বাভাবিক তাপমাত্রায় রেখে হালকা চিপে অতিরিক্ত জল বের করে নিন।
8
10
এবার অন্য একটি পাত্রে ১ লিটার দুধ নিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দিন যেন তলায় লেগে না যায়। দুধ ঘন হয়ে প্রায় অর্ধেক বা তার একটু বেশি হয়ে এলে এতে এলাচ গুঁড়ো ও জাফরান দিন।
9
10
ফুটন্ত দুধে সরাসরি গুড় দিলে অনেক সময় দুধ কেটে বা ছানা ফেটে যেতে পারে। তাই দুধের আঁচ একদম কমিয়ে দিন বা গ্যাস বন্ধ করে দুধ সামান্য হালকা গরম থাকতে থাকতে গ্রেট করা গুড় মেশান। গুড় পুরোপুরি গলে গেলে আঁচ একদম কমিয়ে ১-২ মিনিট নেড়ে নিন। চাইলে গুড় সামান্য জলে গুলে ছেঁকে নিয়েও মেশাতে পারেন।
10
10
এবার ঘন মিষ্টি দুধের রসে ছানার চ্যাপ্টা বলগুলো আলতো করে ছেড়ে দিন। উপর থেকে পেস্তা ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন। ঘরের তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে ২-৩ ঘণ্টা ঠান্ডা করুন। ঠান্ডা ঠান্ডা চিনি ছাড়া রসমালাই পরিবেশন করুন।