সরকারি অফিসে ঢুকে হাজিরা খাতায় সই করার দিন কি তবে শেষ? এবার থেকে অফিসে উপস্থিতি জানাতে আর কলম ধরতে হবে না। বদলে মোবাইল অ্যাপের মাধ্যমে মুখের ছবি শনাক্ত করেই হাজিরা দিতে হবে সরকারি কর্মীদের।
2
10
আগামী ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে চালু হতে চলেছে এই নতুন নিয়ম। একই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে প্রচলিত কাগজের হাজিরা খাতা।
3
10
‘ফেসিয়াল রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’ (FRBAS) নামে এই নতুন ব্যবস্থায় কর্মীদের মুখ শনাক্ত করে প্রতিদিনের উপস্থিতি নথিভুক্ত করা হবে। গত ১৮ নভেম্বর একটি সরকারি নির্দেশিকায় এই নতুন ব্যবস্থার কথা জানানো হয়েছে।
4
10
তবে আপাতত রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে এই নিয়ম চালু হচ্ছে না। প্রথম পর্যায়ে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনস্থ আধিকারিক ও কর্মীদের এই ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।
5
10
শুধু দপ্তরের সদর কার্যালয় নয়, অধীনস্থ ডিরেক্টরেট, স্বশাসিত সংস্থা এবং রাজ্য, আঞ্চলিক ও জেলা স্তরের বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের কর্মীরাও এই নিয়মের আওতায় থাকবেন। শিক্ষক এবং অশিক্ষক কর্মী, উভয়কেই এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
6
10
নতুন নিয়মে প্রতিদিন অফিসে এসে নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে মুখের ছবি তুলে হাজিরা নথিভুক্ত করতে হবে। ১ ডিসেম্বর থেকে আর কোনও কাগজের হাজিরা খাতা রাখা যাবে না। তার আগেই সমস্ত কর্মীর নাম নথিভুক্তির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
7
10
শুধু কর্মীরা অফিসে এলেন কি না, সেই হিসাব রাখাই নয়, কে নির্ধারিত সময়ের পরে অফিসে ঢুকছেন, কারা ছুটি নিচ্ছেন এবং কর্মীদের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন তথ্যও ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করা হবে। ভবিষ্যতে কর্মীদের কাজের মূল্যায়নের ক্ষেত্রেও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
8
10
তবে অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে গিয়ে কোনও কর্মী প্রযুক্তিগত সমস্যার মুখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
9
10
প্রশাসনিক কাজে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর আগে নবান্নে সরকারি কর্মীদের জন্য মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা চালু হয়েছিল। এবার ধাপে ধাপে অন্যান্য দপ্তরেও এই ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
10
10
প্রশাসনের লক্ষ্য, সরকারি অফিসে সময়ানুবর্তিতা বাড়ানো এবং হাজিরা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। তবে আপাতত এই নির্দেশ কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের কর্মীদের ক্ষেত্রেই প্রযোজ্য।