দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপে একগুচ্ছ মারাত্মক নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, যা কাজে লাগিয়ে হ্যাকাররা অনায়াসেই আপনার ডিভাইসের দখল নিতে পারে এবং হাতিয়ে নিতে পারে ব্যক্তিগত ও সংবেদনশীল সব তথ্য।
2
9
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই বিষয়ে উচ্চ-স্তরের সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা ‘ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা সার্ট-ইন (CERT-In)। সংস্থাটির মতে, অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক এবং উইন্ডোজ—সব ধরনের প্ল্যাটফর্মেই এই ঝুঁকি রয়েছে। তাই বিপদ এড়াতে অবিলম্বে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
3
9
কয়েক দিন আগেই ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার’ (আইফোরসি) হোয়াটসঅ্যাপ ওয়েব লগ-আউট না করে রেখে দেওয়ার বিপদ নিয়ে সতর্ক করেছিল। তার ঠিক পরপরই সার্ট-ইনের এই নয়া অ্যাডভাইজরি ব্যবহারকারীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, হ্যাকাররা বিশেষ কায়দায় তৈরি মেসেজ, অ্যাটাচমেন্ট বা ওয়েব লিঙ্ক (ইউআরএল) পাঠিয়ে এই ত্রুটিগুলোর সুযোগ নিতে পারে।
4
9
সার্ট-ইনের রিপোর্টে হোয়াটসঅ্যাপের মোট পাঁচটি বড় প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হল ‘সিভিই-২০২৬-১০২৭৬৯’, যেখানে বিশেষভাবে তৈরি ‘অর্ডার ডিটেলস’ সংক্রান্ত মেসেজ পাঠিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিশানা করা হতে পারে। ওই মেসেজে ট্যাপ করলেই ডিভাইসে থাকা হোয়াটসঅ্যাপের ফাইল মুছে যাওয়ার পাশাপাশি ব্যবহারকারীর চ্যাট ডেটাবেসের তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে।
5
9
দ্বিতীয় ত্রুটিটি (‘সিভিই-২০২৬-৪৪৯০৮’) মেটা এআই-এর কম্পিউটিং সিস্টেমের সার্টিফিকেট যাচাইকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, যার মাধ্যমে নিরাপত্তা স্তর এড়িয়ে ডিভাইসে অনুপ্রবেশের সুযোগ তৈরি হতে পারে। যদিও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুটি ত্রুটি ব্যবহার করে এখনো কোনও হামলার প্রমাণ মেলেনি।
6
9
তৃতীয় ত্রুটিটি (‘সিভিই-২০২৬-২৩৮৭১’) মূলত অ্যান্ড্রয়েড ফোনে বিজ্ঞাপনের রিপ্লাই ইউআরএল-সংক্রান্ত। এক্ষেত্রে হ্যাকারদের পাঠানো নির্দিষ্ট মেসেজের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইস থেকে আইপি (IP) ঠিকানা ফাঁস হয়ে যেতে পারে। স্প্যাম মেসেজের মাধ্যমে এই ত্রুটিটি ইতিমধ্যে কাজে লাগানো হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।
7
9
এ ছাড়া গত মে মাসে হোয়াটসঅ্যাপের তরফে চিহ্নিত আরও দুটি পুরনো ত্রুটিও এই তালিকায় রয়েছে। এর একটিতে (‘সিভিই-২০২৬-২৩৮৬৬’) ইনস্টাগ্রাম রিল-সংক্রান্ত এআই বার্তার আড়ালে ক্ষতিকর লিঙ্ক পাঠিয়ে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে হামলা চালানো সম্ভব। অন্যটিতে (‘সিভিই-২০২৬-২৩৮৬৩’) উইন্ডোজ কম্পিউটারে সাধারণ ফাইলের ছদ্মবেশে ক্ষতিকর অ্যাটাচমেন্ট পাঠিয়ে তা সক্রিয় করে তোলা যায়।
8
9
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই আইফোরসি (I4C) সতর্ক করে জানিয়েছিল যে, ব্রাউজারের ট্যাব বন্ধ করে দিলেই হোয়াটসঅ্যাপ ওয়েব লগ-আউট হয় না। ফলে অফিস বা সাইবার ক্যাফের মতো শেয়ার্ড কম্পিউটারে সেশন খোলা থাকলে অন্য কেউ সহজেই ব্যক্তিগত চ্যাট দেখে ফেলতে পারে বা অ্যাকাউন্টের অপব্যবহার করে প্রতারণা করতে পারে। তাই কাজ শেষে ম্যানুয়ালি লগ-আউট করার পরামর্শ দেওয়া হয়েছে।
9
9
বর্তমানে হ্যাকাররা সাইবার হামলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহার করায় তথ্য চুরির ঝুঁকি বহুগুণ বেড়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে প্রায় ৩৫০ কোটি মানুষের তথ্য ফাঁস থেকে শুরু করে এসএপি (SAP), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং গত মাসে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের সাইবার ডাকাতির মতো ঘটনা সাইবার নিরাপত্তার উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখতে ফোন ও কম্পিউটারের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি অবিলম্বে লেটেস্ট ভার্সনে আপডেট করে নেওয়া অত্যন্ত জরুরি।