নিজের উপার্জনে কেনা বাড়ি, জমি, ব্যাঙ্কে জমানো টাকা কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। কোনও মহিলা উইল না করেই মারা গেলে তাঁর এই সম্পত্তির মালিক হবেন কারা? স্বামী, ছেলে-মেয়ে, নাকি বাবা-মা? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে মৃত মহিলার ধর্ম এবং সম্পত্তির উৎসের উপর।
2
13
আইন অনুযায়ী, কোনও ব্যক্তি বৈধ উইল না করে মারা গেলে তাঁর সম্পত্তি কীভাবে বণ্টন হবে, তাকে বলা হয় ‘ইনটেস্টেট সাকসেশন’। অর্থাৎ, উইল ছাড়া উত্তরাধিকার।
3
13
হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬। এই আইনের ১৫ ও ১৬ নম্বর ধারা অনুযায়ী, কোনও হিন্দু মহিলা উইল না করে মারা গেলে প্রথমেই তাঁর সম্পত্তির অধিকার পাবেন স্বামী, ছেলে ও মেয়েরা। প্রত্যেকেই সমান ভাগে সম্পত্তি পাবেন। তাঁর কোনও ছেলে বা মেয়ে আগে মারা গিয়ে থাকলে, সেই সন্তানের উত্তরাধিকারীরাও নির্দিষ্ট নিয়মে তাঁর প্রাপ্য অংশ পাবেন।
4
13
তবে স্বামী, ছেলে বা মেয়ে কেউ না থাকলে সম্পত্তির অধিকার পাওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ক্রম রয়েছে। প্রথমে অধিকার পাবেন মৃত মহিলার স্বামীর উত্তরাধিকারীরা। তাঁদের কেউ না থাকলে সম্পত্তি পাবেন মহিলার বাবা ও মা। এর পরেও উত্তরাধিকারী না পাওয়া গেলে সম্পত্তি যাবে বাবার উত্তরাধিকারীদের কাছে। সব শেষে অধিকার পাবেন মায়ের উত্তরাধিকারীরা।
5
13
এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সম্পত্তি কোথা থেকে এসেছে। কোনও মহিলা যদি বাবা বা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন এবং তাঁর কোনও সন্তান না থাকে, তা হলে তাঁর মৃত্যুর পর সেই সম্পত্তি যাবে বাবার উত্তরাধিকারীদের কাছে। অন্যদিকে, স্বামী বা শ্বশুরের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি একই পরিস্থিতিতে যাবে স্বামীর উত্তরাধিকারীদের কাছে।
6
13
মুসলিম মহিলাদের ক্ষেত্রে উত্তরাধিকার সংক্রান্ত নিয়ম নির্ধারিত হয় মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭ অনুযায়ী। এই আইনে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট অংশের নিয়ম রয়েছে।
7
13
মৃত মহিলার স্বামী, সন্তান, মা-বাবা-সহ নিকট আত্মীয়দের মধ্যে কে কতটা সম্পত্তি পাবেন, তা নির্ভর করে তাঁর জীবিত উত্তরাধিকারীদের উপর। পাশাপাশি সুন্নি ও শিয়া মত অনুযায়ী উত্তরাধিকারের নিয়মেও কিছু পার্থক্য রয়েছে। তাই শুধু আত্মীয়তার সম্পর্ক নয়, মৃত মহিলার পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিও সম্পত্তির ভাগ নির্ধারণে গুরুত্বপূর্ণ।
8
13
খ্রিস্টান ও পার্সি মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিষয়টি মূলত ভারতীয় উত্তরাধিকার আইন, ১৯২৫-এর আওতায় পড়ে। তবে দুই সম্প্রদায়ের ক্ষেত্রে সম্পত্তি বণ্টনের নির্দিষ্ট নিয়ম আলাদা।
9
13
কোনও খ্রিস্টান মহিলা স্বামী ও সন্তান রেখে মারা গেলে, আইন অনুযায়ী স্বামী পাবেন সম্পত্তির এক-তৃতীয়াংশ। বাকি দুই-তৃতীয়াংশ সমান ভাগে পাবেন তাঁর সন্তানরা। সন্তান না থাকলে সম্পত্তির ভাগ নির্ধারণে স্বামী, বাবা-মা এবং অন্যান্য আত্মীয়ের অধিকার বিবেচনা করা হয়।
10
13
পার্সি মহিলাদের ক্ষেত্রেও স্বামী ও সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টনের নির্দিষ্ট বিধান রয়েছে। কে কতটা অংশ পাবেন, তা নির্ভর করবে মৃত মহিলার জীবিত উত্তরাধিকারীদের উপর।
11
13
উইল না থাকলে সম্পত্তি বণ্টনের সিদ্ধান্ত নেয় প্রচলিত উত্তরাধিকার আইন। ফলে মৃত ব্যক্তির নিজের ইচ্ছা অনুযায়ী সম্পত্তি বণ্টন সব সময় সম্ভব হয় না। কিন্তু জীবিত অবস্থায় বৈধ উইল করে গেলে নিজের সম্পত্তি কাকে দিতে চান, তা অনেকটাই স্পষ্ট করে যেতে পারেন একজন মহিলা।
12
13
তাই সম্পত্তি কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পাশাপাশি তার ভবিষ্যৎ মালিকানা নিয়েও আগে থেকে পরিকল্পনা করা জরুরি। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে উইল তৈরি করা গুরুত্বপূর্ণ হতে পারে।
13
13
তবে মনে রাখতে হবে, উত্তরাধিকার সংক্রান্ত নিয়ম ব্যক্তিগত পরিস্থিতি, সম্পত্তির উৎস এবং প্রযোজ্য আইনের উপর নির্ভর করে। তাই কোনও নির্দিষ্ট সম্পত্তি বণ্টনের আগে আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।