ইরান হরমুজ প্রণালীতে তার জলসীমা দিয়ে একটি পাকিস্তানি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারকে যাতায়াতের অনুমতি দিয়েছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন (পিএনএসসি)-এর মুখপাত্র ফারুক নিজামি জানিয়েছেন, প্রায় ১০৯,৯৯০ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি করাচি’ নামক জাহাজটি ১৮ মার্চ, বুধবার করাচি বন্দরে পৌঁছনোর কথা রয়েছে।
2
10
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, ফারুক জানিয়েছেন, এই অঞ্চলে সংঘাতের কারণে বিঘ্নিত বাণিজ্যিক সামুদ্রিক চলাচলে মধ্যেই, ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
3
10
তিনি জানিয়েছেন, তেলবাহী ট্যাঙ্কারটি ১৫ মার্চ হরমুজ অতিক্রম করেছে। আমেরিকার ও ইজরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর থেকে ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ সামুদ্রিক পথে এখনও শত শত জাহাজ আটকে পড়েছে।
4
10
পশ্চিম এশিয়ার উত্তেজনা পাকিস্তানের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে। জ্বালানির দামে তীব্র বৃদ্ধির পর সরকার দুই মাসের জন্য ব্যয় সংকোচন প্যাকেজ বাস্তবায়নের কথা ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ার এই সঙ্কট এমন এক সময়ে শুরু হয়েছে যখন পাকিস্তান ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে ধুঁকছে।
5
10
আফগানিস্তানের সঙ্গে সংঘাত এবং তার পাশাপাশি তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ও বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র সঙ্গে ক্রমাগত সংঘর্ষ দেশের সঙ্কটকে আরও বাড়িয়ে তুলেছে।
6
10
পাকিস্তানের পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে, দেশটি তার ভঙ্গুর অর্থনীতিকে রক্ষা করার জন্য ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। ইসলামাবাদ এখন তার অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিভিন্ন খাতে বাজেটে কাটছাঁটের ঘোষণা করেছে।
7
10
কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারি দপ্তরগুলিতে ব্যবহৃত যানবাহনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে এই যানবাহনগুলির প্রায় ৬০ শতাংশই তুলে নেওয়া হবে।
8
10
সরকারি দপ্তরের গ্রেড-২০ পর্যায়ের যেসব আধিকারিকের বেতন ৩ লক্ষ পাকিস্তানি রুপির বেশি, তাঁদের স্বেচ্ছায় দু’দিনের বেতন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে, এই ব্যবস্থাটি স্বাস্থ্য ও শিক্ষা খাতের কর্মীদের জন্য প্রযোজ্য নয়।
9
10
সরকার প্রাদেশিক ও ফেডারেল উভয় আইনসভার সদস্যদের দু’মাসের জন্য তাদের বেতন ও ভাতা ২৫% কমানোর নির্দেশ দিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, পাকিস্তান সরকার সরকারি যানবাহনের জন্য বরাদ্দ পেট্রলের কোটা ৫০% কমিয়েছে।
10
10
মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি এবং উপদেষ্টারা দু’মাসের জন্য তাদের পুরো বেতন পাবেন না। ফেডারেল ও প্রাদেশিক উভয় সরকারি দপ্তরের অপ্রয়োজনীয় ব্যয় ২০% কমানো হবে। এছাড়াও, আধিকারিকদের আর বিজনেস ক্লাসে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।