মঙ্গলবার আচমকাই বিপত্তি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রামে। টানা কয়েক ঘণ্টা কার্যত অচল হয়ে রইল মেটার এই প্ল্যাটফর্মটি। যার জেরে বিশ্বজুড়ে চরম ভোগান্তির শিকার হলেন কয়েক হাজার গ্রাহক।
2
10
বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর পরিসংখ্যান অনুযায়ী, অন্তত ১০ হাজার মানুষ এই সমস্যায় পড়েন। যদিও মেটার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
3
10
মঙ্গলবার দুপুরের পর থেকেই বিপত্তির শুরু। ডাউনডিটেক্টর জানাচ্ছে, প্রায় ৪,৭০০ গ্রাহক সরাসরি অভিযোগ জানিয়েছেন। অধিকাংশেরই দাবি, ইনস্টাগ্রামের ‘ডিরেক্ট মেসেজ’ কাজ করছে না। কাউকে সরাসরি মেসেজ পাঠানো যাচ্ছে না, আবার কারও ক্ষেত্রে মেসেজ পৌঁছাতে অস্বাভাবিক দেরি হচ্ছে।
4
10
আমেরিকার লস অ্যাঞ্জেলস, ফিনিক্স, শিকাগো, ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের মতো শহরগুলিতে এই বিভ্রাট সবথেকে বেশি হয়েছে। শুধু মেসেজ নয়, অ্যাপ লগ-ইন করতে এবং নতুন কিছু পোস্ট করতেও সমস্যায় পড়েছেন বহু ব্যবহারকারী।
5
10
ইনস্টাগ্রাম বিকল হতেই নেটিজেনরা ক্ষোভ উগরান এক্স হ্যান্ডেলে। শুরু হয় ট্রোল আর অভিযোগের বন্যা। কেউ লিখেছেন, “ইনস্টাগ্রাম ডাউন, আমি আবারও বলছি ইনস্টাগ্রাম ডাউন!” আবার মেসেজ না চলায় কারও আক্ষেপ, “বন্ধুর সঙ্গে চ্যাট করতে করতে মাঝপথে সব বন্ধ হয়ে গেল!”
6
10
তবে এই বিভ্রাট কারও কারও কাছে আবার ‘আশীর্বাদ’ হয়েও দেখা দিয়েছে। এক নেটিজেন রসিকতা করে লিখেছেন, “ও আমাকে কেবল জেরা শুরু করেছিল, ঠিক তখনই ইনস্টাগ্রাম বসে গেল। ঈশ্বরকে ধন্যবাদ!”
7
10
এদিকে ইনস্টাগ্রামের এই বিভ্রাটকে কেন্দ্র করে নানা গুজব ছড়াতে শুরু করেছে। নেটদুনিয়ার একাংশ একে ইরান-আমেরিকা সংঘাতের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছে। দাবি করা হচ্ছে, সাইবার হানার কারণেই নাকি থমকে গিয়েছে এই মার্কিন অ্যাপ। যদিও এই দাবির স্বপক্ষে কোনও জোরালো প্রমাণ বা সরকারি সত্যতা মেলেনি।
8
10
বিভ্রাট শুরু হওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও মার্ক জুকারবার্গের সংস্থা মেটা এখনও এই নিয়ে মুখ খোলেনি। কেন এই সমস্যা বা কতক্ষণে তা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনও স্পষ্ট উত্তর মেলেনি।
9
10
বহু গ্রাহক ইনস্টাগ্রামের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে বলছেন, “ইন্টারনেট ঠিক থাকা সত্ত্বেও মেসেজ লোড হচ্ছে না। দয়া করে অ্যাপটা ঠিক করুন।”
10
10
এখন দেখার, এই যান্ত্রিক গোলযোগ কাটিয়ে কত দ্রুত ছন্দে ফেরে তরুণ প্রজন্মের এই প্রিয় অ্যাপ।
সব ছবি সংগৃহীত।