আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং বিশ্ব অর্থনীতির পরিস্থিতির উন্নতির জেরে ফের ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় মুদ্রা। মার্কিন ডলারের বিরুদ্ধে ক্রমশ শক্তিশালী হচ্ছে রুপি।
2
11
সপ্তাহের শুরুতেই ভারতীয় মুদ্রার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেল। ডলারের বিপরীতে রুপির দাম ২৫ পয়সা বেড়ে পৌঁছেছে ৯৩.৬৮-তে।
3
11
ফলে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে বাজারে। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে আগামী দিনে ডলারের বিরুদ্ধে আরও শক্তিশালী হতে পারে ভারতীয় মুদ্রা।
4
11
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা, অপরিশোধিত তেলের দামে পতন এবং বিদেশি বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি—এই তিনটি বিষয় রুপির ঘুরে দাঁড়ানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে গত সপ্তাহেও উল্লেখযোগ্য উত্থান হয়েছিল ভারতীয় মুদ্রার।
5
11
প্রায় ১ শতাংশ শক্তিশালী হয়ে ২০২৬ সালের অন্যতম সেরা অবস্থানে পৌঁছেছিল রুপি। গত শুক্রবার ডলারের বিপরীতে ৪৩ পয়সা বৃদ্ধি পেয়ে ৯৩.৯৮ স্তরে লেনদেন শেষ করেছিল ভারতীয় মুদ্রা। সপ্তাহের শুরুতে সেই ইতিবাচক প্রবণতা আরও বজায় থাকল।
6
11
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় ভারতীয় অর্থনীতির উপর চাপ কিছুটা কমছে। কারণ, ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের বড় অংশ বিদেশ থেকে আমদানি করে।
7
11
ফলে তেলের দাম বাড়লে আমদানি খরচ বৃদ্ধি পায় এবং ডলারের চাহিদাও বাড়ে। অন্যদিকে তেলের দাম কমলে সেই চাপ কিছুটা প্রশমিত হয়। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.১৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৮.১৭ ডলারে নেমে এসেছে।
8
11
এছাড়াও মধ্য এশিয়ার পরিস্থিতি নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তে জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নেই। এর ফলে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
9
11
এর পাশাপাশি ভারতীয় শেয়ারবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের আনুমানিক ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগও রুপির শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছে।
10
11
বিশেষজ্ঞদের মতে, ডলারের বিপরীতে ৯৩.৫০ স্তরের নিচে রুপি স্থায়ীভাবে অবস্থান করতে পারলে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৯৩-র ঘরে পৌঁছতে পারে ভারতীয় মুদ্রা।
11
11
তবে মার্কিন ডলারের সূচকের ওঠানামা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত আগামী দিনে রুপির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে আপাতত আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির উপর নজর রাখছেন বিনিয়োগকারীরা।