বাস্তব জীবনে তাঁর ব্যক্তিত্বে যেমন রয়েছে স্পষ্টতা, তেমনই পর্দায় বারবার নিজেকে ভেঙে নানা চরিত্রে হাজির করেছেন তিনি। কখনও গম্ভীর, কখনও রহস্যময়, কখনও আবার একেবারে অন্য মেজাজে—অভিনয়ের নানা রঙে দর্শকদের চমকে দিয়েছেন আবির।
3
8
এই যেমন সন্দীপ রায়ের ‘মনচোরা’ ছবিতে দিবাকর চোরের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। রাইমা সেনের সঙ্গে তাঁর রসায়নও বেশ মনে ধরেছিল দর্শকদের। পরিচিত গম্ভীর ভাবমূর্তির বাইরে গিয়ে এই চরিত্রে আবিরের অভিনয় ছিল বেশ অন্যরকম।
4
8
আবার সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’তে একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছিলেন অভিনেতা। ছবির মাস্টার চরিত্রটিকে প্রথমে সৎ ও দৃঢ়চেতা বলেই মনে হয়। কিন্তু কাহিনির শেষ দিকে সামনে আসে তার আসল চেহারা। বেগমজানের কুঠি ধ্বংসের পিছনে প্রধান সাহায্যকারী ছিল সেই মাস্টারই। অর্থাৎ, আপাত নির্ভরযোগ্য মানুষটির আড়ালে লুকিয়ে ছিল এক অসৎ ও ঠগ চরিত্র। এই নেতিবাচক ভূমিকাতেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছিলেন আবির।
5
8
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ ছবিতে আইজি পঙ্কজ সিংহের চরিত্রেও নজর কেড়েছিলেন তিনি। দিল্লি থেকে আসা বাঙালি পুলিশ আধিকারিকের নো-ননসেন্স ব্যক্তিত্ব, দৃঢ়তা—সবই পর্দায় ফুটিয়ে তুলেছিলেন আবির। পাশাপাশি কমব্যাট অ্যাকশন দৃশ্যেও তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
6
8
তালিকায় অবশ্যই রাখতে হবে ‘অ্যাবি সেন’-এর কথা। ছবিতে এক বিজ্ঞানপ্রেমী টেলিভিশন প্রযোজকের চরিত্রে অভিনয় করেছিলেন আবির। টিআরপি কমে যাওয়ায় কাজ হারানোর হতাশা থেকে শুরু করে এক বিজ্ঞানীর সাহায্যে টাইম ট্রাভেল করে তিন দশক পিছিয়ে যাওয়ার পর তাঁর নানা অভিজ্ঞতা—সবকিছুই সাবলীলভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা। অদ্ভুত কল্পনার সঙ্গে মিশে থাকা এই চরিত্র দর্শকদের মনে তৈরি করেছিল এক অন্যরকম ভাল লাগা।
7
8
আর ফেলুদা? ব্যোমকেশ বক্সী হিসেবেই যিনি বেশি পরিচিত, সেই আবির একবারই বড়পর্দায় প্রদোষ চন্দ্র মিত্রের ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। পরিচালক সন্দীপ রায়ের হাত ধরেই ‘বাদশাহী আংটি’ ছবিতে ফেলুদা হয়ে এসেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের তৈরি এই জনপ্রিয় গোয়েন্দা চরিত্রে আবিরকে দেখতে বেশ ভালই লেগেছিল দর্শকদের। তাঁর অভিনীত ফেলুদাও নিজের মতো করে জায়গা করে নিয়েছিল বাঙালি দর্শকের মনে।
8
8
চোর থেকে পুলিশ, নেতিবাচক চরিত্র থেকে বিজ্ঞানপ্রেমী টেলিভিশন প্রযোজক, এমনকি ফেলুদা—বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন আবির চট্টোপাধ্যায়। জন্মদিনে তাই ফিরে দেখা যাক অভিনেতার অভিনয়জীবনের সেই নানা রং, যা বারবার প্রমাণ করেছে, পরিচিত ছকের বাইরে বেরোতেও তিনি সমান স্বচ্ছন্দ।