ফ্ল্যাট কেনার আগে এই ১২টি নথি যাচাই করেছেন তো? সামান্য ভুলেই হারাতে পারেন সারা জীবনের সঞ্চয়

১৮ নভেম্বর ২০২৬ ১৮ : ৩৩
- 1
- 16
নিজের একটি ফ্ল্যাট কেনা বহু মানুষের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে বছরের পর বছর টাকা জমান অনেকে। কেউ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, কেউ আবার সারা জীবনের সঞ্চয় খরচ করে কেনেন নিজের বাড়ি। কিন্তু ফ্ল্যাট পছন্দ হওয়া বা বিক্রেতার সঙ্গে দাম ঠিক হয়ে যাওয়াই সম্পত্তি কেনার জন্য যথেষ্ট নয়। কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আইনি নথি যাচাই না করলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে পারেন ক্রেতা।
- 2
- 16
সম্পত্তির মালিকানা নিয়ে বিবাদ, একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি, নির্মাণের অনুমোদন না থাকা কিংবা পুরনো ঋণের বোঝা ইত্যাদি নানা কারণে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই ফ্ল্যাট বুকিং বা অগ্রিম টাকা দেওয়ার আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ নথি দেখে নেওয়া জরুরি।
- 3
- 16
ফ্ল্যাট বা জমির প্রকৃত মালিক কে, তা জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল টাইটেল ডিড। বিক্রেতার সত্যিই ওই সম্পত্তি বিক্রি করার আইনি অধিকার রয়েছে কি না, তা এই দলিল থেকে জানা যায়। দলিলে সম্পত্তির বিবরণ, মালিকের নাম এবং রেজিস্ট্রেশনের তথ্য ভালভাবে মিলিয়ে নেওয়া প্রয়োজন।
- 4
- 16
চেন অফ টাইটেল: বর্তমান মালিক কীভাবে সম্পত্তির মালিক হয়েছেন, তার আগে কারা মালিক ছিলেন, সেই ইতিহাস জানা জরুরি। আগের মালিকদের দলিল খতিয়ে দেখলে সম্পত্তির মালিকানা হস্তান্তরের ধারাবাহিকতা বোঝা যায়। কোথাও মালিকানার নথিতে অসঙ্গতি থাকলে সতর্ক হওয়া উচিত।
- 5
- 16
এনকামব্র্যান্স সার্টিফিকেট: সম্পত্তির উপর কোনও ঋণ, বন্ধক বা আর্থিক দায় রয়েছে কি না, তা যাচাই করতে এই শংসাপত্র কাজে আসে। সম্পত্তিটি আগে কোনও ব্যাঙ্কের কাছে বন্ধক রাখা হয়েছিল কি না, কিংবা তার উপর কোনও নথিভুক্ত আর্থিক দায় রয়েছে কি না, তা বুঝতে সাহায্য করে। যতটা সম্ভব দীর্ঘ সময়ের এনকামব্র্যান্স সার্টিফিকেট পরীক্ষা করা উচিত।
- 6
- 16
অনুমোদিত বিল্ডিং প্ল্যান: যে নকশা অনুযায়ী বহুতল বা আবাসন তৈরি হয়েছে, সেটি সংশ্লিষ্ট পুরসভা বা উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন করেছে কি না, তা যাচাই করতে হবে। অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা বা বেআইনি নির্মাণ রয়েছে কি না, সেটিও দেখা প্রয়োজন।
- 7
- 16
নতুন আবাসন প্রকল্পের ক্ষেত্রে রেরা রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি সংশ্লিষ্ট রাজ্যের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির অধীনে নথিভুক্ত কি না, তা সরকারি পোর্টালে যাচাই করে নিতে হবে। সেখানে নির্মাণের অগ্রগতি, প্রকল্পের অনুমোদন, নির্ধারিত হস্তান্তরের সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
- 8
- 16
নির্মাণকাজ অনুমোদিত নকশা ও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত করে কমপ্লিশন সার্টিফিকেট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই শংসাপত্র দিয়ে থাকে। ফ্ল্যাট কেনার আগে সেটি দেখে নেওয়া জরুরি।
- 9
- 16
বাড়িটি বসবাসের উপযুক্ত কি না, তা নিশ্চিত করে অকুপেন্সি সার্টিফিকেট। জল সরবরাহ, নিকাশি, বিদ্যুৎ এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবার মতো বিষয়গুলি নির্দিষ্ট নিয়ম মেনে রয়েছে কি না, তা যাচাইয়ের ক্ষেত্রে এই নথি গুরুত্বপূর্ণ। শুধু নির্মাণ শেষ হলেই যে সেখানে বসবাসের অনুমতি মিলেছে, এমন নয়।
- 10
- 16
নো অবজেকশন সার্টিফিকেট: প্রকল্পের ধরন ও অবস্থান অনুযায়ী দমকল, পরিবেশ, জল সরবরাহ, বিদ্যুৎ-সহ বিভিন্ন দপ্তরের অনুমোদন প্রয়োজন হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়া হয়েছে কি না, তা যাচাই করতে হবে।
- 11
- 16
সম্পত্তি করের রসিদ: ফ্ল্যাট বা বাড়িটির উপর পুরনো কোনও সম্পত্তি কর বকেয়া রয়েছে কি না, তা জানতে সাম্প্রতিক কর জমার রসিদ পরীক্ষা করুন। বিক্রেতার কোনও বকেয়া থাকলে পরবর্তীতে নতুন মালিককে সমস্যায় পড়তে হতে পারে।
- 12
- 16
অ্যালটমেন্ট লেটার এবং বিল্ডার-বায়ার চুক্তি: নতুন প্রকল্পে ফ্ল্যাট কিনলে অ্যালটমেন্ট লেটার পরীক্ষা করা জরুরি। সেখানে ফ্ল্যাটের নম্বর, আয়তন, তলা এবং দাম উল্লেখ থাকে। পাশাপাশি বিল্ডার-বায়ার চুক্তিতে নির্মাণ শেষ করার সময়সীমা, দেরি হলে ক্ষতিপূরণ, ফ্ল্যাট হস্তান্তরের শর্ত এবং ক্রেতা-বিক্রেতার দায়িত্ব সম্পর্কে বিস্তারিত লেখা থাকে। সই করার আগে প্রতিটি শর্ত ভালো করে পড়ে নেওয়া উচিত।
- 13
- 16
পুরনো বা রিসেল ফ্ল্যাট কিনলে লোন ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সম্পত্তির উপর আগে কোনও ব্যাঙ্কঋণ থাকলে সেটি সম্পূর্ণ পরিশোধ হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছ থেকে ঋণ পরিশোধের শংসাপত্র এবং প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করা উচিত।
- 14
- 16
ফ্ল্যাট কেনার আগে বিক্রেতার সঙ্গে যে চুক্তি হয়, তাতে মোট দাম, টাকা দেওয়ার সময়সীমা, ফ্ল্যাট হস্তান্তরের তারিখ এবং অন্যান্য শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকা প্রয়োজন। এটিকে সেল এগ্রিমেন্ট বলে। সেল ডিড বা বিক্রয় দলিল হল সম্পত্তির মালিকানা হস্তান্তরের চূড়ান্ত আইনি নথি। নির্ধারিত স্ট্যাম্প ডিউটি দিয়ে সাব-রেজিস্ট্রার অফিসে দলিলটি রেজিস্ট্রি করানো অত্যন্ত জরুরি।
- 15
- 16
ফ্ল্যাট কেনার একেবারে শেষ পর্যায়ে গিয়ে সব নথি পরীক্ষা করলে চলবে না। বুকিংয়ের টাকা বা অগ্রিম দেওয়ার আগেই মালিকানার দলিল এবং এনকামব্র্যান্স সার্টিফিকেট যাচাই করুন। হোম লোনের আবেদন করার আগে নির্মাণের অনুমোদন, রেরা রেজিস্ট্রেশন এবং অন্যান্য সরকারি ছাড়পত্র দেখে নিন। চূড়ান্ত টাকা দেওয়া ও রেজিস্ট্রেশনের আগে সমস্ত বকেয়া, ঋণ পরিশোধের নথি এবং চুক্তির শর্ত মিলিয়ে নিন।
- 16
- 16

















