ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি।
2
11
কোথাও ভারী, আবার কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
3
11
আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। নারসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।
4
11
এই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার পাশাপাশি দক্ষিণবঙ্গেও আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের আশঙ্কা রয়েছে।
5
11
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
11
এক-দু'টি জায়গায় তীব্র বৃষ্টির স্পেলও হতে পারে। বৃষ্টির তীব্রতা ঘণ্টায় ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
7
11
শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।
8
11
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২১ নভেম্বর সকাল পর্যন্ত।
9
11
শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
10
11
শুক্রবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির জেরে জনজীবনে প্রভাব পড়েছে। সল্টলেক এবং নিউ টাউনের মতো এলাকায় যানজটের সমস্যাও দেখা গিয়েছে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
11
11
এদিকে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সতর্কতায় পুরীতে সমুদ্রসৈকত, মন্দির এবং পর্যটনস্থলে প্রবেশের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।