উৎসবের পালা মোটামুটি শেষ। নভেম্বর গুটি গুটি এগোচ্ছে ডিসেম্বরের দিকে। এই সময় সন্ধেয় কিংবা রাতে রেস্তোরাঁয় গেলে কিংবা খাবার অর্ডার মনটা কেমন স্যুপের জন্য আনচান করে। স্যুপ যদি বানিয়ে নেওয়া যায় বাড়িতেই? তাহলে তো আর কোনও কথাই নেই। ঝটপট জেনে নিন বাড়িতে কীভাবে তৈরি করবেন মটন পেপার স্যুপ।
2
8
এটা বানাতে লাগবে ২৫০ গ্রাম হাড়-সহ খাসির মাংসের টুকরো, ১ টেবিল চামচ ঘি বা সাদা তেল, ১ কাপ পেঁয়াজ কুচি, দেড় চা চামচ আদা-রসুন বাটা (বা থেঁতো করা) ২টি কাঁচা লঙ্কা।
3
8
আর লাগবে ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ৪টি লবঙ্গ, ছোট এক টুকরো দারচিনি, সিকি চা চামচ হলুদ গুঁড়ো, আধ চা চামচ নুন, সাড়ে তিন গ্লাস জল, চিনি (স্বাদমতো), সাজানোর জন্য পুদিনা পাতা ও ধনে পাতার কুচি।
4
8
প্রথমে গোলমরিচ, জিরে, ধনে, লবঙ্গ এবং দারচিনি একসঙ্গে মোটা করে গুঁড়ো করে নিন মিক্সিতে। এবার প্রেশার কুকারে ঘি গরম করুন। তাতে আদা-রসুন, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে সোনালি রং ধরা পর্যন্ত ভাজুন।
5
8
এরপরে হাড়-সহ খাসির মাংসের টুকরোগুলো দিয়ে দিন তাতে। এক মিনিট ভাল করে ভেজে নিন। এবার গুঁড়ো মশলার মিশ্রণ, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। খুব সামান্য চিনিও দিন তাতে।
6
8
এরপরে জল ঢেলে ভাল করে নেড়েচেড়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে দিন। ৪-৫টি সিটি দিতে হবে যাতে মাংস ভাল করে সেদ্ধ হয়।
7
8
গ্যাস বন্ধ করে ঢাকনা খুলে দেখে নিন সবটা ঠিক মতো হয়েছে কিনা। শেষে নুন-চিনির পরিমাণ ঠিক আছে কি না দেখে নিন।
8
8
পরিবেশনের আগে উপরে সামান্য একটু গোল মরিচ গুঁড়ো, পুদিনা পাতা ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই মটন পেপার স্যুপ তৈরি।