নতুন বছরের শুরু থেকেই কি বদলে যাচ্ছে ব্যাঙ্কের চেকবুক? ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত চেকবুক চালু হতে চলেছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এমনই একটি বার্তা।
2
10
এই খবর ঘিরে সাধারণ ব্যাঙ্ক গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি। অবশেষে এই বিষয়ে মুখ খুলল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শনিবার কেন্দ্রীয় ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর।
3
10
এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে RBI জানিয়েছে, চেক ট্রাঙ্কেশন সিস্টেম (CTS)-এর আওতায় বর্তমানে যে ধরনের স্ট্যান্ডার্ড চেকবুক ব্যবহার করা হয়, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পর তা বদলে যাবে বলে যে বার্তা ছড়াচ্ছে, তা সঠিক নয়।
4
10
ওই ভাইরাল বার্তায় দাবি করা হয়েছিল, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিরাপত্তা মানসম্পন্ন চেকবুক চালু করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কিন্তু RBI স্পষ্ট জানিয়েছে, CTS চেকবুক সংক্রান্ত এমন কোনও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
5
10
তাই এই ধরনের ভুয়ো বার্তায় বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাশাপাশি, ব্যাঙ্কিং সংক্রান্ত যে কোনও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য RBI-এর সরকারি ঘোষণা এবং বিজ্ঞপ্তির উপরেই নির্ভর করতে বলা হয়েছে।
6
10
অন্যদিকে, কৃষিঋণের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করার পথে হাঁটতে পারে RBI। কৃষকদের ঋণ দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে এবং ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে একাধিক নতুন নিয়মের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
7
10
প্রস্তাব অনুযায়ী, সোনার গয়না বন্ধক রেখে কৃষিঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে আরও বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে হবে। যে জমিতে চাষ হচ্ছে, তার অবস্থান, কোন ফসল উৎপাদন করা হচ্ছে এবং প্রযোজ্য ক্ষেত্রে সেই ফসল বন্ধক রাখা হয়েছে কি না, সেই সংক্রান্ত তথ্য নথিভুক্ত করতে হবে।
8
10
শুধু জামানতের ধরন বা মূল্য দেখে ঋণের অঙ্ক নির্ধারণ করা যাবে না। বরং সংশ্লিষ্ট কৃষিকাজের জন্য প্রয়োজনীয় ঋণের পরিমাণ এবং নির্দিষ্ট এলাকার কৃষিকাজের আর্থিক চাহিদা বা 'স্কেল অফ ফিনান্স' বিবেচনা করে ঋণ মঞ্জুর করতে হবে। ঋণের টাকা সঠিক কাজে ব্যবহার হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ব্যাঙ্ক আধিকারিকদের পরিদর্শনের রেকর্ডও রাখতে হবে।
9
10
এছাড়া ভূমিহীন কৃষিশ্রমিক এবং ভাগচাষিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছে RBI। যাঁদের কাছে জমির মালিকানার নথি বা লিজ সংক্রান্ত কাগজপত্র নেই, তাঁদের ক্ষেত্রে বিকল্প যাচাইযোগ্য নথি সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে তাঁরা অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রের ঋণের আওতায় পড়ার যোগ্য কি না, তা নিশ্চিত করা যাবে।
10
10
সব মিলিয়ে একদিকে চেকবুক নিয়ে ভুয়ো খবরের বিরুদ্ধে সতর্ক করল RBI, অন্যদিকে কৃষিঋণের ক্ষেত্রে স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে নতুন নিয়মের প্রস্তাব সামনে আনল কেন্দ্রীয় ব্যাঙ্ক।