বড় অঙ্কের নগদ লেনদেন বন্ধ করে দুর্নীতি কমানো এবং ডিজিটাল লেনদেনকে আরও শক্তিশালী করার পক্ষে ফের সরব হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বাজার থেকে ৫০০, ১০০০ এবং ২০০০ টাকার মতো নোট তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
2
10
তাঁর প্রস্তাব, দেশে শুধুমাত্র ১০০ এবং ২০০ টাকার নোট চালু রাখা হোক। এর ফলে নগদ টাকার ব্যবহার কমবে এবং ডিজিটাল লেনদেনের প্রবণতা বাড়বে বলে মনে করছেন তিনি।
3
10
অমরাবতীতে একটি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই প্রস্তাবের কথা ফের তুলে ধরেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান। তাঁর বক্তব্য, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে ডিজিটাল ব্যবস্থার উপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
4
10
এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই প্রস্তাব রেখেছিলেন বলে জানান নাইডু। এবারও সেই দাবি থেকে তিনি সরে আসছেন না।
5
10
চন্দ্রবাবু নাইডুর কথায়, ডিজিটাল মুদ্রা সংক্রান্ত রিপোর্ট তৈরির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। তাঁর মতে, প্রযুক্তির সঠিক ব্যবহার অর্থনৈতিক বৈষম্য কমানোর পাশাপাশি দেশের আর্থিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তুলতে পারে। বিশেষ করে বড় অঙ্কের নগদ লেনদেন সীমিত করা গেলে দুর্নীতি এবং বেআইনি আর্থিক কার্যকলাপ নিয়ন্ত্রণে সুবিধা হতে পারে।
6
10
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর দেশজুড়ে নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
7
10
কালো টাকা, জাল নোট এবং দুর্নীতি মোকাবিলার যুক্তি দেখিয়ে এই পদক্ষেপ করেছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে নতুন ৫০০ টাকার নোট এবং ২০০০ টাকার নোট বাজারে আনা হয়।
8
10
তবে ২০২৩ সালে ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদিও সেই নোট এখনও বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত।
9
10
এবার চন্দ্রবাবু নাইডুর প্রস্তাব ঘিরে নতুন করে নোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
10
10
তবে ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার বা আরবিআই কোনও নতুন সিদ্ধান্ত ঘোষণা করেনি। ফলে আপাতত এটি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর একটি প্রস্তাব হিসেবেই থাকছে।