রাজধানী দিল্লিতে বসছে ২০২৬ সালের BRICS শীর্ষ সম্মেলন। বিশ্বের একাধিক শক্তিশালী দেশের রাষ্ট্রনেতারা এই সপ্তাহান্তে ভারতে পৌঁছচ্ছেন।
2
16
তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বনেতাদের স্বাগত জানাতে ইতিমধ্যেই সেজে উঠেছে দিল্লির ভারত মণ্ডপম।
3
16
আগামী দু’দিন আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে এই অত্যাধুনিক সম্মেলনকেন্দ্র। প্রগতি ময়দান কমপ্লেক্সের মধ্যে অবস্থিত ভারত মণ্ডপম প্রায় ১২৩ একর এলাকা জুড়ে তৈরি।
4
16
প্রায় ২,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রটি ২০২৩ সালে খুলে দেওয়া হয়। উদ্বোধনের পর থেকেই একাধিক আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানের সাক্ষী হয়েছে এই প্রাঙ্গণ।
5
16
এবার BRICS শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ বৈঠক, দ্বিপাক্ষিক আলোচনা এবং হাই-প্রোফাইল নৈশভোজের কেন্দ্র হতে চলেছে ভারত মণ্ডপম।
6
16
‘ভারত মণ্ডপম’ নামটির সঙ্গেও জড়িয়ে রয়েছে ভারতের ইতিহাস ও গণতান্ত্রিক চিন্তার ঐতিহ্য। দ্বাদশ শতকের ‘অনুভব মণ্ডপম’-এর অনুপ্রেরণায় এই নামকরণ করা হয়েছে বলে জানা যায়। অনুভব মণ্ডপমকে জনসংলাপ ও গণতান্ত্রিক আলোচনার অন্যতম প্রাচীন মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়।
7
16
এই বিশাল কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ ২৭ ফুট উচ্চতার নটরাজ মূর্তি। প্রায় ১৮ টন ওজনের এই মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি করেছেন তামিলনাড়ুর শিল্পীরা।
8
16
তবে ভারত মণ্ডপমের বিশেষত্ব শুধু তার বিশাল আকার বা চোখধাঁধানো স্থাপত্যে নয়। এর নকশার বিভিন্ন অংশে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিক তুলে ধরা হয়েছে।
9
16
মূল কনভেনশন সেন্টারটির নকশা তৈরি হয়েছে শঙ্খের আদলে। শঙ্খ ভারতীয় ঐতিহ্যে চেতনা, শক্তি এবং শুভ সূচনার প্রতীক। ভবনের ভিতর ও বাইরের নকশায় ‘সূর্য শক্তি’, ‘জিরো থেকে ইসরো’-র মতো ভারতের বৈজ্ঞানিক অগ্রযাত্রা এবং ‘পঞ্চমহাভূত’-এর ধারণাও তুলে ধরা হয়েছে।
10
16
BRICS সম্মেলনের গুরুত্বপূর্ণ বৈঠক হবে এখানকার সামিট হলে। এই হলটিতে ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদের বসার মতো পরিকাঠামো রয়েছে। আগামী দু’দিন এখানেই BRICS সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক হওয়ার কথা।
11
16
সম্মেলনের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পর্বের কেন্দ্র হবে হল নম্বর ১৪। এখানে BRICS Business Forum-এর বৈঠকে যোগ দেবেন বিভিন্ন দেশের শিল্পপতি, বিনিয়োগকারী এবং কর্পোরেট প্রতিনিধিরা।
12
16
বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে। এই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যবসায়ী মহলের উদ্দেশে বক্তব্য রাখবেন।
13
16
অন্যদিকে, হল নম্বর ৫-এ তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১,২০০ থেকে ১,৪০০ সাংবাদিক এই কেন্দ্র থেকে সম্মেলনের খবর পরিবেশন করবেন। গুরুত্বপূর্ণ ঘোষণা, বিশেষ অনুষ্ঠান এবং BRICS সম্মেলনের নানা দৃশ্য এখান থেকেই বিশ্বের কাছে পৌঁছে যাবে।
14
16
এবারের BRICS সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্য এশিয়ার উত্তেজনা, বিভিন্ন সংঘাতের বৃহত্তর প্রভাব এবং সন্ত্রাসবাদ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
15
16
পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও মতামত জানাবেন বিশ্বনেতারা। BRICS দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যনীতি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন আলোচনা হতে পারে।
16
16
সব মিলিয়ে ভারত মণ্ডপম শুধু একটি সম্মেলনকেন্দ্র নয়, আগামী দু’দিন এটি হয়ে উঠতে চলেছে বিশ্ব কূটনীতি, বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ।