পরনে সাধুর পোশাক, কপালে সিঁদুরের ফোঁটা। স্থানীয় একটি চায়ের দোকানে বসে বেশ নিশ্চিন্তেই চা খাচ্ছিলেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। প্রথম দর্শনে তাঁকে নিয়ে বিশেষ মাথা ঘামাননি কেউ।
2
8
কিন্তু অপরিচিত মুখ, কথাবার্তায় অসংগতি আর পরিচয় সম্পর্কে স্পষ্ট উত্তর না মেলায় ধীরে ধীরে বাড়তে থাকে সন্দেহ। শেষ পর্যন্ত পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
3
8
বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ওই ব্যক্তিকে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। ঘটনাটি তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী এলাকার ভোলানাথ মোড়ের।
4
8
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে এলাকার চায়ের দোকানে বসে থাকতে দেখেন বাসিন্দারা। তাঁর পোশাক দেখে প্রথমে সাধু বলেই মনে হয়েছিল অনেকের। কিন্তু তাঁকে আগে কখনও এলাকায় দেখা যায়নি।
5
8
স্বাভাবিকভাবেই কৌতূহল থেকে তাঁর পরিচয় জানতে চান কয়েক জন। কিন্তু সেই প্রশ্নের উত্তরেই তৈরি হয় ধোঁয়াশা। স্থানীয়দের দাবি, কখনও এক রকম, কখনও অন্য রকম কথা বলছিলেন ওই ব্যক্তি।
6
8
কোথা থেকে এসেছেন, কেনই বা ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এমন প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি বলে অভিযোগ। তাতেই সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর ওই ব্যক্তিকে আটক করে বক্সিরহাট থানায় খবর দেন বাসিন্দারা।
7
8
যদিও তাঁর প্রকৃত পরিচয় এবং তিনি আদৌ বাংলাদেশি কি না, সে বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনও প্রকাশ্যে আসেনি।
8
8
সাধুর বেশে ঘোরাফেরার পিছনে কোনও বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর পরিচয়, যাতায়াত এবং ভারতে প্রবেশের সম্ভাব্য পথ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ।