এটিএম থেকে টাকা তোলার সময় অনেকেই খেয়াল করেন না, মাসে কতগুলি বিনামূল্যের লেনদেন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফলে নির্ধারিত সীমা পেরিয়ে গেলেই অ্যাকাউন্ট থেকে কেটে যায় অতিরিক্ত চার্জ।
2
12
এবার গ্রাহকদের এই সমস্যা কমাতে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এটিএম এবং পয়েন্ট অফ সেল (পিওএস) যন্ত্রের মাধ্যমে নগদ টাকা তোলার নিয়ম এক ছাতার তলায় এনে ব্যাঙ্কগুলিকে একাধিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
3
12
২৭ নভেম্বর জারি করা নতুন নির্দেশিকায় আরবিআই জানিয়েছে, গ্রাহকরা মাসে কতগুলি বিনামূল্যের এটিএম লেনদেন করেছেন, তা ব্যাঙ্কগুলিকে জানাতে হবে। নির্ধারিত সীমা পেরিয়ে গেলে পরবর্তী লেনদেনে কত টাকা চার্জ কাটা হতে পারে, সেই তথ্যও আগাম জানাতে হবে।
4
12
নতুন নির্দেশিকায় বিনামূল্যে এটিএম লেনদেনের পুরনো সীমায় কোনও পরিবর্তন করা হয়নি। সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা নিজের ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যের লেনদেন করতে পারবেন। এর মধ্যে টাকা তোলা এবং ব্যালান্স পরীক্ষা বা অন্যান্য আর্থিক নয়, এমন লেনদেনও অন্তর্ভুক্ত।
5
12
অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে মেট্রো শহরে মাসে তিনটি এবং নন-মেট্রো শহরে পাঁচটি বিনামূল্যের লেনদেনের সুযোগ রয়েছে। নির্ধারিত সীমা পেরিয়ে গেলে ব্যাঙ্ক সর্বোচ্চ ২৩ টাকা এবং তার উপর প্রযোজ্য কর চার্জ করতে পারবে। তবে চাইলে কোনও ব্যাঙ্ক নিজেদের সিদ্ধান্তে বিনামূল্যের লেনদেনের সংখ্যা আরও বাড়াতে পারে।
6
12
আরবিআইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকরা মাসে কতগুলি বিনামূল্যের লেনদেন ইতিমধ্যে করেছেন, তা জানানোর ব্যবস্থা করতে হবে ব্যাঙ্কগুলিকে। পাশাপাশি পরবর্তী লেনদেনের ক্ষেত্রে কত টাকা চার্জ লাগতে পারে, সেটিও জানাতে হবে।
7
12
এ ছাড়াও এটিএম-টি মেট্রো না নন-মেট্রো এলাকার মধ্যে পড়ছে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এটিএম-এর পর্দায় বার্তা, স্টিকার অথবা পোস্টারের মাধ্যমে এই তথ্য জানানো যেতে পারে। ব্যাঙ্কগুলিকে নিজেদের তথ্যভান্ডারেও এটিএম-এর অবস্থান সংক্রান্ত তথ্য নিয়মিত আপডেট রাখতে বলা হয়েছে।
8
12
এটিএম থেকে টাকা না বেরোলেও কি চার্জ কাটবে? এই বিষয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে আরবিআই। যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যার কারণে এটিএম লেনদেন ব্যর্থ হলে তার জন্য কোনও চার্জ নেওয়া যাবে না।
9
12
যন্ত্রে টাকা না থাকা, হার্ডওয়্যার বা সফটওয়্যারের সমস্যা বা যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে লেনদেন সম্পূর্ণ না হলে সেটি বৈধ লেনদেন হিসেবে গণ্য হবে না। ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারীর সমস্যার কারণে ভুল পিন বা ভেরিফিকেশন সংক্রান্ত ত্রুটিতে লেনদেন বাতিল হলেও তার জন্য চার্জ নেওয়া যাবে না।
10
12
শুধু এটিএম নয়, দোকানে থাকা পয়েন্ট অফ সেল (পিওএস) যন্ত্রের মাধ্যমে নগদ টাকা তোলার নিয়মও নতুন নির্দেশিকায় স্পষ্ট করেছে আরবিআই। ডেবিট কার্ড, সম্পূর্ণ কেওয়াইসি করা প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট এবং ইউপিআই ব্যবহার করে এই সুবিধা পাওয়া যাবে।
11
12
নিয়ম অনুযায়ী, প্রতি লেনদেনে সর্বোচ্চ ২,০০০ টাকা এবং প্রতি মাসে সব জায়গা মিলিয়ে সর্বোচ্চ ১০,০০০ টাকা তোলা যাবে। এই পরিষেবার জন্য গ্রাহকের কাছ থেকে কোনও চার্জ নেওয়া হলে তা লেনদেনের অঙ্কের ১ শতাংশের বেশি হতে পারবে না।
12
12
এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দোকান থেকে কোনও পণ্য কেনা বাধ্যতামূলক নয়। তবে দোকানে এই পরিষেবা পাওয়া যাচ্ছে কি না এবং তার জন্য কোনও চার্জ লাগবে কি না, তা স্পষ্টভাবে জানাতে হবে। কেনাকাটার পাশাপাশি নগদ টাকা তুললে রসিদে কেনাকাটার অঙ্ক এবং তোলা নগদের পরিমাণ আলাদা করে উল্লেখ করতে হবে।