২০২৫ সালে সিঙ্গাপুরে গিয়ে সমুদ্রে তলিয়ে যান জুবিন গর্গ। গায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'চিরদিনই তুমি যে আমার' -এ 'পিয়া রে' গানটি গেয়েছিলেন। ২৯ মার্চ, মাত্র মাস ছয়েকের ব্যবধানে একই ভাবে সমুদ্রে তলিয়ে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মৃত্যু হয় জুবিন গর্গের। রিপোর্টে জানানো হয়েছে, সেদিন এই দুর্ঘটনার আগে জুবিন গর্গ ভডকা, জিন, হুইস্কি, বিয়ারের মতো একাধিক পানীয় পান করেছিলেন। ২০২৫ সালে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গর্গ। তখনই এই দুর্ঘটনা ঘটে। 

এদিকে ২৯ মার্চ তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং চলছিল। তাঁর সঙ্গে শ্বেতা মিশ্র ছিলেন। শুটিংয়ের পর তাঁরা বোটিংয়ে গিয়েছিলেন। সেই সময়ই জলে পড়ে যান রাহুল। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

একই সঙ্গে কাজ করেছিলেন তাঁরা, একই ভাবে তাঁদের প্রয়াণে শোকস্তব্ধ তাঁদের অনুরাগীরা। টলিউড এই খবর মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন। 

প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া তাঁকে সম্প্রতি 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখা গিয়েছে। সেখানে তিনি দারোগার চরিত্রে অভিনয় করেছিলেন। মৃত্যুকালে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ৪২ বছর বয়স হয়েছিল।