জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'সতীপীঠ কালীঘাট'। কালীঘাটের ইতিহাস ও পুরাণের নানা কাহিনি তুলে ধরবে এই ধারাবাহিক। মূল চরিত্রে কারা থাকবেন? সেই নিয়ে অনেকদিন ধরেই জল্পনা শুরু হয়েছে। ধারাবাহিকের নতুন প্রোমোতে মিলল তারই ঝলক।
ভক্তি আর অলৌকিকতার কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘সতীপীঠ কালীঘাট’। নতুন প্রোমোতে দেখা গিয়েছে, এই ধারাবাহিকে সাধক ‘ব্রহ্মানন্দ’-এর চরিত্রে রয়েছেন অরিন্দম গাঙ্গুলি। ‘সাধক বামাক্ষ্যাপা’র পর ফের একবার ভক্তিমূলক ধারাবাহিকে ফিরলেন তিনি। অন্যদিকে, এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার ছোটপর্দায় দেখা যাবে দেবাশিস মন্ডলকে। ‘ডাকাতসর্দার’-এর চরিত্রে অভিনয় করছেন তিনি।
প্রোমোতে দেখা যায়, কালীর আরাধনায় নিমগ্ন ‘ব্রহ্মানন্দ’। তাকে দেবী নির্দেশ দেন, কালীঘাটে নিমজ্জিত রয়েছে কালীর দক্ষিণ চরণ। ব্রহ্মানন্দ-এর কাঁধে দেবী কালীর প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে, কালীঘাটে তখন ঘটছে অন্য এক ঘটনা। সদ্য বিবাহিত এক ছোট্ট কন্যা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ডাকাতের মুখোমুখি হয়। এরপরের ঝলকই মেলে দস্যু ডাকাত বাহিনীর লুঠপাটের দৃশ্য। যেখানে বিরাট রণপায়ে হাজির হয় ডাকাতের দল। পালকি করে যাওয়ার সময় নববধূর কাছ থেকে তারা গয়না লুটের চেষ্টা করে। নিজেকে বাঁচাতে দেবীর স্মরণ নেয় ছোট্ট কন্যা, ঠিক তখনই আবির্ভূত হন কালী। ক্ষমাপ্রার্থী হয়ে দেবীর শরণাপন্ন হয় ডাকাত সর্দারও।
একদিকে দেবী কালীর আবির্ভাব, অন্যদিকে প্রতিষ্ঠার মহাযাত্রা! সবমিলিয়ে ‘সতীপীঠ কালিঘাট’-এর পরতে পরতে থাকবে চমক। কবে থেকে সম্প্রচারিত হবে কিংবা কোন স্লটে দেখানো হবে এই ধারাবাহিক, তা জানা না গেলেও ধারাবাহিকের নতুন প্রমো দেখে রীতিমতো গায়ে কাঁটা দিয়েছে দর্শকের।
প্রসঙ্গত, 'সতীপীঠ কালীঘাট'-এর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন অভিনেতা বিশ্বনাথ বসু। টলিপাড়ার অন্দরের খবর, বিশ্বনাথ বসুকে দেখা যাবে 'রাজা বসন্ত রায়'-এর চরিত্রে। রাজা বসন্ত রায়ের সঙ্গে কালীঘাটের যোগসূত্র রয়েছে। ষোড়শ শতকের মধ্যভাগে যশোরের রাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায়ই কালীঘাটের প্রথম মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীতে আদি গঙ্গার তীরে বর্তমান কালীঘাট মন্দিরটি ১৮০৯ সালে বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় ও হাটখোলা দত্ত পরিবারের আর্থিক সাহায্যে সম্পূর্ণ হয়। কালীঘাটের মন্দিরের সঙ্গে বসন্ত রায়ের যোগসূত্র ও পুরাণের নানা গাঁথা নিয়ে এগোবে গল্প। এছাড়াও এই ইতিহাস নির্ভর ধারাবাহিকে থাকবে বহু গুরুত্বপূর্ণ চরিত্র। কালীঘাটের কালীর ভূমিকায় দেখা যেতে পারে এক নতুন মুখকে।
















