মুখোশের আড়ালে বউমা! কুসুমকে চিনে ফেলবে নাকি ইন্দ্রাণী? কী হবে তারপর? সম্প্রতি, জি বাংলার এই ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমন সব প্রশ্ন ঘুরছে দর্শক মহলে। প্রোমোতে দেখানো হয়েছে, কুসুম রান্নার কাজ নিয়ে একটা বাড়িতে এসেছে। সেখানে সেদিন অতিথি আসবে। তাই কুসুম খুব মন দিয়ে রান্না করে। যাতে তার চাকরিটা টিকে থাকে।
ঘটনাচক্রে, ওই বাড়ির অতিথি হয়ে আসে ইন্দ্রাণীর পরিবার। তারা কুসুমের হাতের রান্না খেয়ে খুব তৃপ্তি পায়। ইন্দ্রাণী রান্না যে করেছে তাকে নিজের হাতে পুরস্কার দিতে চায়। হাতের বালা খুলে তাকে পরিয়ে আশীর্বাদ করতে যায়। কিন্তু মাস্কের আড়ালে থাকা কুসুমকে নিয়ে সন্দেহ হয় আয়ুষের কাকিমণির। সে কুসুমের মুখ থেকে মাস্ক খুলে খেলতে চায়। এবার কি ইন্দ্রাণীর কাছে ধরা পড়ে যাবে কুসুম? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?
বর্তমানে এই ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে, ঘোর সঙ্কটে পড়েছে আয়ুষ্মান ও কুসুম। বাড়ির পরিচারিকাকে বিয়ে করেছে ছেলে! এটা কিছুতেই মেনে নিতে পারে না আয়ুষ্মানের মা। বাড়ি থেকে চলে যেতে বলে তাদের।এদিকে কুসুমকে বিয়ে করে ঠাঁইনাড়া হতে হয় আয়ুষ্মানকে।
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল কুসুম আর আয়ুষ্মানকে বাড়িতে থাকতে দেয়নি ইন্দ্রাণী। বের করে দিয়েছে। তখন তারা একটি হোটেলে এসে আশ্রয় নেয়। আয়ুষ জানায় যতদিন না তারা কোনও বাড়ি খুঁজে পাচ্ছে এই হোটেলে থাকবে। অন্যদিকে ছেলের থেকে এমন আঘাত পেয়ে শয্যাশায়ী হয়ে পড়ে ইন্দ্রাণী। শুধু তাই নয়, এই আঘাত তার কাছে এতটাই যে সে ঠিক করে ছেলের কোনও স্মৃতি এই বাড়িতে রাখবে না। আয়ুষ্মানের সমস্ত ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেয় কর্মচারীকে।
অন্যদিকে বাড়ি ছাড়লেও বিপদ পিছু ছাড়ে না আয়ুষ্মান আর কুসুমের। তারা যে হোটেলে এসে উঠেছিল সেখান থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। জানানো হয় তাদের এই বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। বলাই বাহুল্য, ইন্দ্রাণীর বিপক্ষে যাওয়ায় তিনি ওদের দু'জনকে একেবারে পথে এসে দাঁড়াতে হল। তাই কুসুম এখন মরিয়া চাকরিটা বাঁচানোর জন্য। কিন্তু শেষমেশ কী হয়, সেটাই দেখার।
















